দুদক কমিশনার নিয়োগে বাছাই কমিটি
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৬:১৭ | আপডেট: ২২ জুন ২০২৬ | ১৬:২৯
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনজন কমিশনার নিয়োগের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে সোমবার একটি গেজেট প্রকাশ করেছে সরকার।
দুদক আইন অনুযায়ী ওই পদে নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের নামের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবে এই কমিটি। দুদক আইন-২০০৪-এর ধারা ৭ অনুযায়ী, কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে এই বাছাই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে। সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।
বাছাই কমিটি দুদক কমিশনার হিসেবে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত ব্যক্তিদের মধ্য থেকে তিনটি শূন্য পদের প্রতিটির বিপরীতে দুইজন করে মোট ছয়জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। পরে রাষ্ট্রপতি ছয়জনের মধ্য থেকে তিনজনকে কমিশনার হিসেবে নিয়োগ দেবেন। পরে ওই তিনজনের মধ্যে থেকে রাষ্টপতি একজনকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেবেন।
৩ মার্চ দুদকের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে দুদক কমিশন শূন্য রয়েছে।
- বিষয় :
- দুর্নীতি দমন কমিশন
- দুদক
- দুদক কমিশনার
- নিয়োগ
