অভিজ্ঞতা কাজে লাগাতে চান আতিকুল
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ১০:১৬
মেয়র হিসেবে গত নয় মাস দায়িত্ব পালনের অভিজ্ঞতাটা আগামীতে কাজে লাগাতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, গত নয় মাস সততার সঙ্গে কাজ করেছেন। যদি জনগণ তাকে নির্বাচিত করে তাহলে সেই অনুশীলন ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী পাঁচ বছর নগরবাসীর সেবা করবেন।
বুধবার রাজধানীর বনানীতে নিজের নির্বাচনী পরিচালনা কার্যালয়ে মৎস্যজীবী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, তিনি এখন ব্যক্তি আতিক নন। আওয়ামী লীগসহ সব সহযোগী অঙ্গ সংগঠনের প্রার্থী। এই নির্বাচন আওয়ামী লীগের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ডেঙ্গু প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু চাঁদরাতে ডেঙ্গু নিয়ে কথা বলে লাভ নেই। ডেঙ্গু নিয়ে বছরের ৩৬৫ দিনই কথা বলতে হবে। তিনি যে নয় মাস মেয়রের দায়িত্বে ছিলেন সেটা ছিল তার জন্য অনুশীলন। তার মধ্যেও অনেক কঠিন সময় পার করতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পরই এফআর টাওয়ারে আগুন লাগল, নিরাপদ সড়কে ছাত্র আন্দোলন এবং সবচেয়ে বেশি কঠিন ছিল ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি। ডেঙ্গু পরিস্থিতির সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে কাজ করতে চান তিনি।
বাংলাদেশ মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক শেখ আজগরসহ বিভিন্ন পর্যায়ের নেতা।
- বিষয় :
- আতিকুল ইসলাম
