ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ক্যাম্প উদ্বোধন নয়, মিলাদ ছিল: আতিকুল

ক্যাম্প উদ্বোধন নয়, মিলাদ ছিল: আতিকুল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ১০:২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এতে তিনি বলেছেন, ঘটনার দিন নির্বাচনী ক্যাম্প উদ্বোধন হয়নি। মিলাদ মাহফিলে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। আচরণবিধি লঙ্ঘনের মতো ঘটনা সেখানে ঘটেনি। গত রোববার রাজধানীর উত্তরায় স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুনের উপস্থিতিতে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন এবং ভোট চাওয়ার অভিযোগে আতিকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে শোকজ করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। ইসির বেঁধে দেওয়া নির্ধারিত দুই দিনের শেষ দিন বুধবার লিখিত জবাব জমা দেন এই প্রার্থী।

লিখিত জবাবে তিনি নিজেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলেন, মনোনয়নপত্র দাখিলের আগে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। মনোনয়ন সংগ্রহে পাঁচজনের আসার সুযোগ থাকলেও মাত্র একজন প্রতিনিধির মাধ্যমে তিনি ফরম সংগ্রহ করেছেন। দলের হাজার হাজার নেতাকর্মী থাকা সত্ত্বেও মাত্র পাঁচজনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্ধারিত সময়ের আগে প্রচারে নামার সুযোগ নেই- এই বিধি সম্পর্কে তিনি অবগত বলেও চিঠিতে বলেন। তিনি আরও বলেন, তার মনোনয়ন উপলক্ষে উত্তরা থানা আওয়ামী লীগ মিলাদ মাহফিলের আয়োজন করে। ওই অনুষ্ঠানে তিনি যোগদান করলেও নির্বাচনী প্রচারণামূলক কোনো বক্তব্য দেননি। ফলে বিধি লঙ্ঘিত হয়েছে বলে তিনি মনে করেন না। তিনি বিধি মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে বলেন, তার দ্বারা আচরণবিধি লঙ্ঘন হয়নি এবং হবেও না।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, আতিকুল ইসলামের কাছ থেকে শোকজের জবাব পাওয়া গেছে। নির্বাচনী ক্যাম্পের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তার দেওয়া চিঠিতে তা উল্লেখ করা হয়নি। তবে তিনি আচরণবিধি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এ জাতীয় কাজ আর করবেন না বলে উল্লেখ করেছেন। বলেছেন আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল।

আরও পড়ুন

×