আধুনিক গতিময় শহর গড়তে নৌকায় ভোট চাইলেন আতিকুল
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০৬:৫৪
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নগরবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, একটি আধুনিক, মানবিক, গতিময় শহর গড়তে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিন।
শুক্রবার দুপুরে উত্তরা ৪ নম্বর সেক্টরে নির্বাচনী পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বাসসের
আতিকুল ইসলাম বলেন, ‘এই অচল শহরকে সচল করতে, একটি আধুনিক, মানবিক, গতিময় শহর গড়তে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিন। আমি কাজপাগল একজন মানুষ, আমি কাজ করতে চাই। আমি ফাঁকি মারতে পছন্দ করি না। এই কাজপাগল মানুষ আপনাদের নিয়ে এই শহর গড়তে চায়।’
তিনি বলেন, ‘নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকার শুধু উন্নয়নের গিয়ার আছে। নৌকার গিয়ার একটাই- ফ্রন্ট গিয়ার।’
আতিকুল বলেন, ‘ডেঙ্গু আমাদের জন্য একটি অশনিসংকেত। ডেঙ্গু মোকাবিলায় আমাদের ৩৬৫ দিনই কাজ করতে হবে। ঢাকা শহর একটি অপরিকল্পিত শহর। এই অপরিকল্পিত শহরকে পরিকল্পিত করতে পারব ইনশাআল্লাহ্। এ জন্য নাগরিকদের আমাকে সহযোগিতা করতে হবে।’
এর আগে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী।
