তাবিথের জন্য ভোট চাইলেন মির্জা ফখরুল
প্রতীক বরাদ্দ পাওয়ার পর শুক্রবার প্রচারণায় নামে ডিএনসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০ | ০৭:৩৩
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের জন্য ভোট চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার প্রতীক বরাদ্দের পর উত্তরার সাত নম্বর সেক্টর জামে মসজিদ থেকে ভোটের প্রচার শুরু করেন তাবিথ আউয়াল ও বিএনপি নেতারা। উত্তরা ৯ নম্বর সেক্টর ব্রিজ পেরিয়ে ১৪ নম্বর সেক্টরে যাওয়ার পথে তাদের সঙ্গে স্বল্প সময়ের জন্য যোগ দেন বিএনপি মহাসচিব।
প্রচারণায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনকে খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে বিএনপি।
কয়েক হাজার নেতাকর্মী পরিবেষ্টিত অবস্থায় তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য ঢাকাবাসী তাবিথ আউয়ালকে ভোট দেবেন। তারা খালেদা জিয়াকে মুক্ত করবেন। এ সময় তাবিথের হাতে তিনি ধানের শীষ তুলে দেন।
