ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অজিদের ওয়ানডের ইতিহাসে যা ঘটেনি, তাই করেছে বাংলাদেশ

অজিদের ওয়ানডের ইতিহাসে যা ঘটেনি, তাই করেছে বাংলাদেশ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১১:২৭ | আপডেট: ১১ জুন ২০২৬ | ১১:৫২

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ইতিহাস নতুন করে লিখল বাংলাদেশ। টাইগার পেসারদের বোলিং তোপে নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে লজ্জার ও বিরল রেকর্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। যা কখনোই দেখেনি ক্রিকেটবিশ্ব। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের তোপে স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ৩ উইকেট হারায় অজিরা। তাদের ১০২৪ ম্যাচের ওয়ানডে ইতিহাসে কোনো রান না তুলে ৩ উইকেট হারানোর ঘটনা এটাই প্রথম। এর আগে সবচেয়ে কম রানে ৩ উইকেট হারানোর ম্যাচেও তাদের স্কোরবোর্ডে অন্তত ৫ রান ছিল।

আজকের ম্যাচে দুই অজি ওপেনার ম্যাথু শর্ট ও কুপার কনোলি উভয়েই শূন্য রানে সাজঘরে ফেরেন। অস্ট্রেলিয়ার দীর্ঘ ক্রিকেট ইতিহাসে এটি মাত্র তৃতীয় ঘটনা, যেখানে দুই ওপেনারই খাতা খোলার আগে আউট হয়েছেন। এর আগে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে এমন বিব্রতকর রেকর্ডের মুখোমুখি হয়েছিল অজিরা।

০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর অধিনায়ক জশ ইংলিস ও উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারির ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল সফরকারীরা। ২৫ রানের একটি জুটিও গড়ে ফেলেছিলেন তারা। কিন্তু অজিদের সেই প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মুস্তাফিজুর রহমান।

ইনিংসের অষ্টম ওভারে মুস্তাফিজের একটি শর্ট লেংথ ডেলিভারিতে কাট করতে যান ক্যারি। কিন্তু টাইমিং গড়বড় হওয়ায় পয়েন্টে থাকা নাজমুল হোসেন শান্তর মুঠোয় সরাসরি ধরা পড়েন তিনি। ১৭ বলে ৩টি চারের সাহায্যে ১৩ রান করে বিদায় নেন এই বাঁহাতি ব্যাটার। 

৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৫ রান। ক্যারির বিদায়ের পর উইকেটে এসেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আগের ম্যাচে দুর্দান্ত এক ফিফটি পেয়েছিলেন তিনি।

শূন্য রানেই নেই ৩ উইকেট! তাসকিন-মুস্তাফিজে ধ্বংসস্তূপে অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচের পর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নের মতো এক শুরু পেয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান খোলার আগেই অজিদের ওপর স্টিমরোলার চালিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। অবিশ্বাস্য বোলিং তোপে মাত্র ২ ওভারের মধ্যে কোনো রান না তুলেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে সফরকারীরা।

গত ম্যাচে ইনিংসের প্রথম বলেই ম্যাথু শর্টকে বোল্ড করে গোল্ডেন ডাকের স্বাদ দিয়েছিলেন তাসকিন আহমেদ। আজ দ্বিতীয় ম্যাচেও শর্টের ভাগ্য বদলায়নি, একই পরিণতি বরণ করতে হয়েছে তাকে। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই আবারও শর্টকে বোল্ড করে সাজঘরের পথ দেখান তাসকিন। এবারও শূন্য রানেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই অজি ওপেনার।

তাসকিনের আঘাতের রেশ কাটতে না কাটতেই অজি শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। নিজের ওভারের প্রথম বলেই কুপার কনোলিকে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। শূন্য রানে কনোলি ফেরার পর ওভারের শেষ বলেও উইকেট তুলে নেন ফিজ। মুস্তাফিজের ভেতরে ঢুকে আসা বলে পরাস্ত হন ম্যাট রেনশ। বল তার ব্যাটের কানায় লেগে লিটন দাসের গ্লাভসে জমা পড়লেও আম্পায়ার প্রথমে আউটের আবেদনে সাড়া দেননি। তবে বাংলাদেশ দল রিভিউ নেয়। টিভি রিপ্লেতে আল্ট্রা-এজে বল ব্যাটে লাগার প্রমাণ মিললে আম্পায়ার নিজের সিদ্ধান্ত বদলে রেনশকে আউটের সংকেত দেন। ফলে কোনো রান তোলার আগেই টপ-অর্ডারের ৩ ব্যাটারকে হারায় সফরকারীরা।

আজকের ম্যাচে দুই দলই একাদশে একটি করে পরিবর্তন এনেছে। বাংলাদেশ দল তাদের একাদশ থেকে বাদ দিয়েছে আগের ম্যাচে দ্রুত ফিরে যাওয়া ওপেনার সাইফ হাসানকে। তার পরিবর্তে দীর্ঘ দিন পর একাদশে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ সৌম্য সরকার।

অন্যদিকে অস্ট্রেলিয়া দলেও এসেছে একটি পরিবর্তন। গত রাতে ঢাকায় এসে পৌঁছানো তারকা অলরাউন্ডার মিচেল মার্শ আজকের ম্যাচেও খেলছেন না। তবে অজিদের একাদশে সুযোগ পেয়েছেন রাইলি মেরেদিথ। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন গত ম্যাচে অভিষেক হওয়া লিয়াম স্কট।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), কুপার কনোলি, মার্নাস ল্যাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, রাইলি মেরেদিথ, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন

×