ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ভৈরবে সংঘর্ষে রণক্ষেত্র রেলস্টেশন, ৭ ট্রেন আটকা

রেল অবরোধে ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

ভৈরবে সংঘর্ষে রণক্ষেত্র রেলস্টেশন, ৭ ট্রেন আটকা
×

ছবি: সমকাল

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০১:২১

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুর চালানো হলে সাতটি ট্রেন আটকে পড়ে এবং ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভৈরব পৌর শহরের পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকার তরুণদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এ সময় স্টেশন মাস্টারের কার্যালয়সহ কয়েকটি কক্ষে হামলা ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে তারা হামলার শিকার হন।

আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই সাইফুল, এসআই জহুরুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, সুলতান মাহমুদ, মিন্টু মিয়া, মাহমুদুল হাসান ও দাউদ নবী রয়েছেন। গুরুতর আহত হয়েছেন এসআই সাইফুল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মুছা। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, সংঘর্ষ ও অবরোধের কারণে একের পর এক ট্রেন ভৈরব ও আশপাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। আটকে পড়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে মহানগর গোধূলি এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, এগারোসিন্ধুর গোধূলি, নরসিংদী কমিউটার ট্রেন ও একটি মালবাহী ট্রেন। এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউছুফ জানান, হামলা ও ভাঙচুরে স্টেশনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×