বিরতির পর নতুন সিনেমায় বাপ্পারাজ
বাপ্পারাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ২০:৩৭
বিরতির পর নতুন সিনেমায় যুক্ত হলেন চিত্রনায়ক বাপ্পারাজ। পরিচালক মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
সিনেমাটিতে বাপ্পারাজের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজের কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত।’
‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে চলতি মাসের ২ তারিখে রাজধানীর একটি হোটেলে। মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির যাত্রা।
নতুন সিনেমা নিয়ে বাপ্পারাজ গণমাধ্যমকে বলে তিনি বলেন, “‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। সিনেমার গল্পের জন্যই যুক্ত হওয়া, নির্মাতা ইকবালের কাছ থেকে গল্পটা শুনে ভালো লাগে। এখন তো মনের মত গল্প পাওয়া যায় না, তাই সিনেমায় আমাকে দেখা যায় না।”
গুলশানের চামেলি’ সিনেমার চিত্রনাট্য রাজনীতি, ক্ষমতার অপব্যবহার আর অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার।
এই সিনেমা দিয়ে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের বাংলাদেশি সিনেমার যাত্রা শুরু হচ্ছে। আর এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর কাজে ফিরছেন আমিন খান। এতে আরও অভিনয় করবেন বাংলাদেশের রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ‘পোড়ামন’ সিনেমার পর বাপ্পারাজকে আর সিনেমায় দেখা যায়নি। চলতি বছরের শুরুতে মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ এ অভিনয় করেছিলেন তিনি। প্রযোজনা জটিলতায় সিরিজটি কাজ এখন বন্ধ আছে।
এদিকে, চলতি বছরের এপ্রিলে বাপ্পারাজ মেহেদী হাসান হৃদয়ের নির্মাণে ‘বিদায়’ সিনেমায় যুক্ত হয়েছেন এবং শুটিংও করেছেন। এই সিনেমাটিও এখনো নির্মাণাধীন।
- বিষয় :
- বাপ্পারাজ