ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

আবারও শাকিব খানের সঙ্গে নাসির উদ্দিন খান

আবারও শাকিব খানের সঙ্গে নাসির উদ্দিন খান
×

শাকিব খান ও নাসির উদ্দিন খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৭:৩০ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ১৭:৩২

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয় আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ‘বরবাদ’-এর সাফল্যের পর তাদের নতুন সিনেমা ‘নিঃস্ব’ ঘিরে এরই মধ্যে দর্শক ও চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে গুণী অভিনেতা নাসির উদ্দিন খান অভিনয় করতে পারেন– এমন গুঞ্জনও ছড়িয়েছে।

তবে নাসির উদ্দিন খানকে ‘নিঃস্ব’-এর অভিনয়শিল্পীদের তালিকায় নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। তাঁর ভাষ্য, কাস্টিং নিয়ে প্রাথমিক পর্যায়ে বিভিন্ন পরিকল্পনা থাকলেও শুটিং শুরুর আগে কোনো শিল্পীর নাম চূড়ান্তভাবে প্রকাশ করা হবে না।

এ প্রসঙ্গে প্রযোজক বলেন, ‘এখনও কোনো কিছু কনফার্ম হয়নি। আমরা ভাবনার জায়গা থেকে কাস্টিং নিয়ে অনেক কিছুই ভাবি। এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত নয়। গল্পের প্রয়োজন অনুযায়ী শিল্পী নির্বাচন করা হবে। চূড়ান্ত শিল্পীদের তালিকা শুটিংয়ের সময় জানানো হবে।’

সিনেমাটির শুটিং শুরুর সময় নিয়েও এসেছে নতুন তথ্য। আগে নভেম্বর থেকে শুটিং শুরুর কথা শোনা গেলেও প্রযোজক জানিয়েছেন, অক্টোবরের শেষ দিকেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমায় শাকিব খানের বিপরীতে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আপাতত সিনেমাটির নাম ‘নিঃস্ব’ রাখা হয়েছে।

সিনেমাটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে। এর আগে ‘প্রিন্স’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাকিব খান ও নাসির উদ্দিন খান। দুজনের রসায়ন দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। ফলে ‘নিঃস্ব’-এ নাসির উদ্দিন খানের যুক্ত হওয়া চূড়ান্ত হলে আবারও পর্দায় দেখা যেতে পারে এই দুই অভিনেতাকে। নতুন সিনেমায় তাদের সম্ভাব্য উপস্থিতি নিয়ে তাই দর্শকের আগ্রহও বাড়ছে। এমনটিই মনে করছেন অনেকেই। 

আরও পড়ুন

×