বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি ফিরলেন ২৫৯ প্রবাসী
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৮:৩০ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০৯:০৫
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেলেন ২৫৯ জন বাংলাদেশি। বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানাবন্দর থেকে তাদের বহনকারী বিমানের ফ্লাইটটি রোমের উদ্দেশে ছেড়ে যায়।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।
করোনাভাইরাস সংক্রমণ শুরুর আগে দেশে এসে আটকে পড়েছেন ইতালি প্রবাসী অনেক বাংলাদেশি। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা ইতালি ফিরতে পারছিলেন না। দীর্ঘদিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হওয়ায় তারা ফিরতে শুরু করেছেন।এর অংশ হিসেবে বুধবার ২৫৯ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে রোমের উদ্দেশে ছেড়ে যায় বিমানের একটি বিশেষ ফ্লাইট।
উল্লেখ্য, ইতালিতে করোনা পরিস্থিতি এখন ভালোর দিকে। খুলছে ব্যবসা প্রতিষ্ঠান। চালু হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।