ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

৫ কেজি ওজনের শসা চাষে বাজিমাত

তরুণ উদ্যোক্তার সাফল্যে ব্যাপক সাড়া

৫ কেজি ওজনের শসা চাষে বাজিমাত
×

নাটোরের লালপুর উপজেলার টিটিয়া গ্রামের বাগানে উদ্যোক্তা আশরাফুল ইসলাম। ছবি: সমকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১০:৪৮

পাঁচ কেজি ওজনের একটি শসা হাতে দাঁড়িয়ে আছেন তরুণ কৃষক আশরাফুল ইসলাম। তাঁর পেছনে লাউ আকৃতির বিস্তৃত এমন শসাক্ষেত। নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা আশরাফুল ইসলামের এমন সাফল্যে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। একেকটি শসার ওজন এক থেকে পাঁচ কেজি পর্যন্ত। শসাগুলো এতটাই বিশাল আকৃতির যে নেট দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্রতিদিনই তার শসাক্ষেত দেখতে ভিড় করছেন দর্শনার্থী। 

খোঁজ নিয়ে জানা যায়, বছরের শুরুতেই একটি অ্যাগ্রো কোম্পানি থেকে জাম্বু কিউ কাম্বার নামে এই শসার জাত সংগ্রহ করেন আশরাফুল। এপ্রিল মাসের শেষের দিকে ২০ শতক জমিতে শাস চাষ করেছেন। খরচ হয়েছে ২০ হাজার টাকা। এ পর্যন্ত ২০ হাজার টাকার শসা বিক্রি করেছেন। এখন বীজ উৎপাদন করছেন।

তরুণ উদ্যোক্তা আশরাফুল ইসলাম বলেন, স্থানীয় বাজারে পাঁচ কেজির একটি শসা বিক্রি করেছেন ২৫০ টাকা। চাহিদা ভালো থাকায় তিন কেজি ওজনের একটি শসা ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। দেশে-বিদেশে ব্যাপক চাহিদা থাকায় এই শসার বীজ উৎপাদন করছেন রপ্তানি করার জন্য। প্রায় এক লাখ টাকার বীজ বিক্রির আশা করছেন তিনি। দেশের বাজারে প্রতি কেজি শসার বীজের দাম প্রায় ৫০ হাজার টাকা। 

লালপুর উপজেলা কৃষি অফিস জানায়, শসার এই জাতের নাম জাম্বু কিউ কাম্বার। এটি দেশি উন্নত জাত। একটি গাছে ছয় থেকে আটটি শসা ধরে, যার প্রতিটির ওজন এক থেকে পাঁচ কেজি পর্যন্ত হয়। প্রতিটি গাছে ১০ কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। গাছের মেয়াদকাল ১০৫ থেকে ১১০ দিন। ১২ মাস এই শসা চাষ করা যায়। এ ছাড়া গাছ দীর্ঘমেয়াদি, ফলন বেশি, চাহিদা ভালো, রোগবালাইও কম হয়। 

মালচিং ও মাটি দুভাবেই চাষ করা যায়। রাসায়নিক সারের ব্যবহারও কম করতে হয়। ফলন বেশি ও চাহিদা ভালো থাকায় স্থানীয় কৃষকরা আগ্রহী হচ্ছেন এই জাতের শসা চাষে। স্থানীয় কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, রোগবালাই কম, শসার ফলন বেশি, আকারে বড়; বাজারে চাহিদা ভালো থাকায় তিনি আগামীতে জাম্বু শসার চাষ করতে আগ্রহী। 

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, লালপুরে প্রথমবারের মতো মো. আশরাফুল ইসলাম জাম্বু কিউ কাম্বার বা বৃহৎ আকৃতির শসা চাষসহ বীজ উৎপাদন করছেন। তাঁর সফলতায় অন্য কৃষকরা আগ্রহী হচ্ছেন। 

আরও পড়ুন

×