আবাসন খাতে শিগগির সুদিন ফিরে আসবে
গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের চার দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম, রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামানসহ অন্যরা ফটাে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৪
| প্রিন্ট সংস্করণ
আবাসন খাতে বর্তমানে কিছুটা মন্দা থাকলেও এটি স্থায়ী নয়। অল্প সময়ের মধ্যেই এ খাতে সুদিন ফিরবে। এমন মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আবাসন উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের চার দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, একটি দেশ গড়ে তুলতে ভবন নির্মাণের সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও নির্মাণকারীরা গুরুত্বর্পূণ ভূমিকা পালন করেন। আবাসন খাতে নানা পেশাজীবী সংগঠন যুক্ত থাকলেও বাস্তবে ভবন নির্মাণের মূল দায়িত্ব উদ্যোক্তা ও নির্মাতাদেরই। তিনি বলেন, যদি কোনো প্লট মালিককে নিজের টাকায় বাড়ি নির্মাণ করতে বলা হয়, তাহলে ঢাকা শহরে ক’টি ভবন তৈরি হতো–তা ভাবনার বিষয়।
ডেভেলপারদের বিষয়ে প্রচলিত ভুল ধারণার প্রসঙ্গ এনে রিয়াজুল ইসলাম বলেন, অনেকে মনে করেন ডেভেলপাররা শুধু নিজেদের ব্যবসার কথা ভাবেন। এ ধারণা সঠিক নয়। হয়তো হাতেগোনা কয়েকজন ব্যতিক্রম থাকতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম বলেন, সবাইকে নিয়ম অনুযায়ী ভবন তৈরি করতে হবে।
সভাপতির বক্তব্যে রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, রিহ্যাব সদস্য এবং ক্রেতার মধ্যে সেতুবন্ধ তৈরি করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে মানুষের ভালো জায়গায় সুন্দর একটি ফ্ল্যাট নিয়ে থাকার আগ্রহ বাড়ছে। রিহ্যাব নাগরিকদের সেই স্বপ্নপূরণে কাজ করছে।
রিহ্যাবের সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ভুঁইয়া আবাসন খাতের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বর্তমান প্রেক্ষাপটে একজন নাগরিকের পক্ষে হাউজিং লোন ছাড়া ফ্ল্যাট বা প্লট ক্রয় করা প্রায় অসম্ভব। ক্রেতা যাতে খুব সহজে ঋণ পেতে পারে, তার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রিহ্যাব নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ড্যাপ-সংক্রান্ত জটিলতায় আবাসন খাত কার্যত স্থবির হয়ে পড়েছিল। তবে গত ১৪ ডিসেম্বর প্রকাশিত নতুন ড্যাপ এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫ আবাসন খাতে নতুন গতি সঞ্চার করবে।
মেলার পরিস্থিতি
মেলা ঘুরে দেখা গেছে, ক্রেতার বেশির ভাগই মাঝারি আকারের ফ্ল্যাটের খোঁজ-খবর নিচ্ছেন। এক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা সহজ কিনা সেই বিষয়ে বেশি খোঁজ নিচ্ছেন। রাজধানীর মিরপুর থেকে মেলায় ঘুরতে আসা ব্যবসায়ী দম্পতি আরিফ হাসান-নিফা রহমান বলেন, কয়েকটি কোম্পানির মাঝারি আকারের ফ্ল্যাটের দামের ব্যাপারে খোঁজ নিয়েছেন। ফ্ল্যাট নিলে ওই এলাকায় ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থা কেমন হতে পারে–সেই বিষয়টিও বিবেচনায় রয়েছে।
রিহ্যাব জানিয়েছে, মেলা চলবে শনিবার পর্যন্ত। এবারের মেলায় ২২০টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে ১৪টি নির্মাণসামগ্রী ও ১২টি আর্থিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও গৃহঋণ সুবিধা এবং আধুনিক নির্মাণসামগ্রী সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ রয়েছে মেলায়। নির্মাতা প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাট বা প্লট বিক্রির প্রস্তাবের সঙ্গে প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনযাত্রার ধারণাও তুলে ধরছেন।
ক্রেতা-দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশে দুই ধরনের টিকিট রয়েছে। একটি সিঙ্গেল এন্ট্রি, অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচবার প্রবেশ করতে পারবেন।
- বিষয় :
- রিহ্যাব
