ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রিহ্যাবে সব পদে সরাসরি ভোট

রিহ্যাবে সব পদে সরাসরি ভোট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ০৭:২৫

| প্রিন্ট সংস্করণ

আবাসন খাতের সংগঠন রিহ্যাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। এবার পরিচালনা পর্ষদের সভাপতি, প্রথম সহসভাপতি, সহসভাপতি ও পরিচালকসহ সব পদে সরাসরি ভোটে প্রার্থী নির্বাচিত হবেন। গতকাল শনিবার এসব পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পরপরই যথাসময়ে নির্বাচনের আয়োজন করায় রিহ্যাবের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

অন্যান্য সময়ে সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হতো। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হতো। কিন্তু এবার নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। সভাপতি থেকে পরিচালক পর্যন্ত পরিচালনা পর্ষদের ২৯টি পদে সবাই সরাসরি ভোটে নির্বাচিত হবেন। 
নির্বাচনে অংশ নেবে আবাসন ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ ও হৃদয়ে বাংলাদেশ নামের তিনটি প্যানেল। এদের মধ্যে ঐক্য পরিষদ পুরো প্যানেল নিয়ে নির্বাচনে লড়বে। গত নির্বাচনে তারা ২৯টি পরিচালক পদের ২৫টিতেই জয়ী হয়েছেন। তবে অন্য প্যানেল দুটির বেশির ভাগ পদেই প্রার্থী নেই।

এবার সভাপতি পদে লড়বেন বর্তমান সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, নবো উদ্যোগের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের সেলিম ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আলী আফজাল। সিনিয়র সহসভাপতি পদে লড়বেন বর্তমান প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া ও সহসভাপতি আব্দুর রাজ্জাক। আর চারটি সহসভাপতি পদের বিপরীতে প্রার্থী থাকবেন মোট ১০ জন। এদের মধ্যে সভাপতি-১ এর জন্য পারফেক্ট হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এ এম মহিব উদ্দিন, আক্তার প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আক্তার বিশ্বাস ও অ্যাসিউর বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাদি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহসভাপতি-২ এর জন্য প্রার্থী হলেন আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ, ন্যাচারাল রিয়েল এস্টেটের চেয়ারম্যান দেওয়ান নাসিরুল হক ও রাজা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক মিয়া সেলিম রাজা পিন্টু। সহসভাপতি-৩ এর জন্য লড়বেন র‍্যামস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া ও রিচমন্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক এএফএম ওবায়দুল্লাহ। সহসভাপতি (অর্থ) পদের জন্য লড়বেন অ্যাম্বিত বিল্ডার্সের চেয়ারম্যান হারুন অর রশিদ ও অনির্বাণ অ্যাসেটসের চেয়ারম্যান শেখ মো. শোয়েব উদ্দিন। এ ছাড়া চট্টগ্রাম থেকে একটি সহসভাপতি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এয়ার বেল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্ক্যান হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম ভূঁইয়া, অমিতি অ্যাপার্টমেন্ট অ্যান্ড ডেভেলপার্সের ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন আহমেদ ও সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মোর্শেদুল হাসান। পরিচালনা পর্ষদে মোট পরিচালক নির্বাচিত হবেন ২২ জন। এর মধ্যে ঢাকা থেকে পরিচালক হবেন ২০ জন। এ জন্য ভোটে লড়বেন ৩৯ জন। আর চট্টগ্রাম থেকে দুটি পরিচালক পদের বিপরীতে লড়বেন তিনজন। এবারের নির্বাচনে ঢাকায় ভোটার ৪৬১টি এবং চট্টগ্রামে ৫৮টি। 

আরও পড়ুন

×