সামাজিক উদ্যোগ বিকাশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘সংযোগ’এর যাত্রা
ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘সংযোগ’-এর উদ্বোধন অনুষ্ঠান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১৯:৪০ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ১৯:৪৩
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দেশীয় ও বিদেশি অনুদানের মাধ্যমে সামাজিক উদ্যোগ বিকাশের লক্ষ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘সংযোগ’-এর উদ্বোধন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রস্তুত করা এ প্ল্যাটফর্ম মাঠ পর্যায়ে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করবে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পিকেএসএফের উপ-মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান বলেন, ‘সংযোগ’ প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভাবনাময় ক্ষুদ্র উদ্যোগগুলোর জন্য অনুদানকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহ একটি নতুন ডিজিটাল সেতুবন্ধন তৈরি হবে। এতে উদ্যোক্তা ও অনুদানদাতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে।
সভাপতির বক্তব্যে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ঠাকুরগাঁওয়ে এ ক্রাউডফান্ডিং উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের জন্য বজ্রনিরোধক শেল্টার নির্মাণ করা হবে। এসব শেল্টারে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেট, খাবার গ্রহণ ও বিশ্রামের স্থান থাকবে এবং তীব্র গরম ও বৃষ্টির সময় কৃষকদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হবে। প্রতিটি শেল্টার নির্মাণে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হবে। এ জন্য তিনি সবাইকে ‘সংযোগ’ প্ল্যাটফর্মের ওয়েব ঠিকানা http://139.59.70.65/ এ প্রবেশ করে অনুদান প্রদানের আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বজ্রনিরোধক শেল্টার নির্মাণের জন্য মো. রাইহানুল ইসলাম মিঞা জমি প্রদান করেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ১৩ জন ব্যক্তি এ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুদান প্রদান করেন।
বিশেষ উপস্থাপনায় পিকেএসএফের আইসিটি বিশেষজ্ঞ সজল কুমার ঢালী বলেন, ‘সংযোগ’ প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে উদ্যোক্তারা ছবি, ভিডিও ও ব্যবসায়িক বিবরণের মাধ্যমে তাদের প্রকল্প বা ক্যাম্পেইন উপস্থাপন করতে পারবেন। অনুদানকারীরা এসব উদ্যোগ পর্যালোচনা করে সহজেই অর্থায়নে অংশগ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পরিবেশ অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী শিক্ষা অধিদপ্তর, সমবায় অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, ‘সংযোগ’ প্ল্যাটফর্ম উদ্যোক্তা উন্নয়ন, আয় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। -সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- উদ্যোক্তা
