ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জে নগর সেবা বাড়াতে এডিবির ১৪শ কোটি টাকা ঋণ

নারায়ণগঞ্জে নগর সেবা বাড়াতে এডিবির  ১৪শ কোটি টাকা ঋণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৭:১৪

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পরিবেশবান্ধব ও সহনশীল নগর সেবা উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ১১ কোটি ৫৮ লাখ মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ৪২১ কোটি টাকা। গত শুক্রবার এডিবির সদরদপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’ নামে  প্রকল্পের আওতায় নিরাপদ পানির সরবরাহ বাড়ানো হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন এবং সবুজ উন্মুক্ত স্থান (পার্ক) সম্প্রসারণ করা হবে। বর্তমানে নারায়ণগঞ্জে দৈনিক ১১ কোটি ৩০ লাখ লিটার পানি সরবরাহের সক্ষমতা রয়েছে, যা এ প্রকল্পের মাধ্যমে বাড়িয়ে ১৬ কোটি ২০ লাখ লিটারে উন্নীত করা হবে। এর জন্য নতুন টিউবওয়েল স্থাপন, বিদ্যমান পানি শোধনাগার সংস্কার এবং পুরোনো কূপগুলোর উন্নয়ন করা হবে।

প্রকল্পের আওতায় প্রায় ২৩৪ কিলোমিটার পাইপলাইন প্রতিস্থাপন ও সম্প্রসারণ, মিটারযুক্ত সংযোগ চালু এবং ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া পদ্ধতি চালুর মাধ্যমে পানির অপচয় ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন প্রযুক্তি, অনলাইন বিলিং ও রাজস্ব আদায় ব্যবস্থাও শক্তিশালী করা হবে।
চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলা, জলাবদ্ধতা কমানো এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়াতে ভূপৃষ্ট থেকে পানি সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রকল্পের আওতায় প্রায় ২২ কিলোমিটার ড্রেনেজ অবকাঠামো ‘নেচার-বেজড সল্যুশন’ পদ্ধতিতে নির্মাণ করা হবে।

আরও পড়ুন

×