সহযোগিতা জোরদার করেছে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলো
ছবি: সংগৃহীত
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৭:৪৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:১৮
| প্রিন্ট সংস্করণ
বৈশ্বিক অনিশ্চয়তা বৃদ্ধির এ সময়ে বিশেষত মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর (এমডিবি) প্রধানরা স্থিতিশীলতা বজায় রাখা, উন্নয়ন অগ্রগতি সুরক্ষিত করা এবং সদস্য দেশগুলোর অর্থনীতিতে বাড়তে থাকা চাপ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন। গতকাল শনিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।
বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বৈঠকের সাইডলাইনে গত শুক্রবার বৈঠকে এমডিবি প্রধানরা উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাব ইতোমধ্যে উচ্চ জ্বালানি মূল্য, সরবরাহ শৃঙ্খলার বিঘ্ন এবং কঠোর আর্থিক পরিস্থিতির মাধ্যমে অনুভূত হচ্ছে। দেশ ও গ্রাহকদের ঝুঁকি মোকাবিলা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে তারা সময়োপযোগী ও কার্যকর সহায়তা দিতে প্রস্তুত।
এডিবির প্রেসিডেন্ট এবং এমডিবি প্রধানদের গ্রুপের চেয়ারম্যান মাসাতো কান্দা বলেন, ‘জটিল ও পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের সদস্য ও অংশীদারদের সহায়তায় এমডিবিগুলো আগের যে কোনো সময়ের তুলনায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমাদের আর্থিক শক্তি, জ্ঞান ও অংশীদারিত্ব একত্র করে আমরা দেশগুলোকে তাৎক্ষণিক চাপ মোকাবিলা এবং ভবিষ্যতের জন্য স্থিতিশীলতা গড়ে তুলতে সহায়তা করছি।
এই গ্রুপে অন্তর্ভুক্ত রয়েছে– আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, কাউন্সিল অব ইউরোপ ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক, ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বিশ্বব্যাংক গ্রুপ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও এ আলোচনায় অংশগ্রহণ করে।
এমডিবি প্রধানরা সম্মত হয়েছেন যে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে তাদের কার্যক্রমের প্রভাব পরিমাপের জন্য একটি অভিন্ন পদ্ধতি গ্রহণ করা হবে, যা দারিদ্র্য হ্রাস, সামাজিক সংহতি বৃদ্ধি এবং ঝুঁকি কমাতে সহায়তা করবে।
- বিষয় :
- এডিবি
