ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন
সিঙ্গাপুর থেকে আসছে তিন কার্গো এলএনজি
এলএনজি আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১৮৬ কোটি টাকা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৭:২০
| প্রিন্ট সংস্করণ
সিঙ্গাপুর থেকে তিন কার্গো এলএনজি ও ইন্দোনেশিয়া থেকে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন আমদানি এবং র্যাবের জন্য গাড়ি ক্রয়সহ সাতটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে প্রায় ২ হাজার ৯৮৬ কোটি টাকা। এর বাইরে দুটি পৃথক প্রস্তাবে বেসরকারি দুটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ হার পুনর্নির্ধারণ এবং ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে পাঁচটি প্যাকেজের পূর্ত কাজের একটি পৃথক ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভেরিয়েশন প্রস্তাবে ব্যয় বেড়েছে ১০ কোটি টাকার বেশি।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সম্পর্কিত প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় জানায়, স্পট মার্কেট থেকে তিন (চলতি বছরের ২০, ২১ ও ২২তম) কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া পিটিই লিমিটেড কার্গো তিনটি সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ১৮৬ কোটি টাকা।
এ ছাড়া বৈঠকে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার কোম্পানি পিটি ট্রিনিটি কেহইয়া এনার্জি এ তেল সরবরাহ করবে। এতে ব্যয় হবে ২৮২ কোটি টাকা। বৈঠকে র্যাবের সক্ষমতা বাড়াতে তিনটি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ ও ৬০টি মাইক্রোবাস কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ এগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১২২ কোটি টাকা।
ঢাকা-ময়মনসিংহ বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বাড়াতে সাব-স্টেশন নির্মাণসহ আনুষঙ্গিক কাজের তিনটি পৃথক প্যাকেজের তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তিনটি পৃথক প্যাকেজ কাজের তিনটি পৃথক প্রস্তাবে মোট ব্যয় হবে ২৮৬ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে বর্তমান বাজারদর অনুযায়ী নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নির্মিত দুটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ হার পুনর্নির্ধারণের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন সাইকেল (ইউনিট-২)-এর পুনর্নির্ধারিত ট্যারিফ হার হচ্ছে গ্যাসের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট-ঘণ্টা ৫.৫৪১ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট-ঘণ্টা ২৩.৬৯৮ টাকা। আর ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন সাইকেল বিদ্যুৎকেন্দ্রের পুনর্নির্ধারিত ট্যারিফ হার হচ্ছে গ্যাসের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট-ঘণ্টা ৪.৬৫০৩ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে প্রতি কিলোওয়াট-ঘণ্টা ২০.৬৯৬৭ টাকা।
অর্থ মন্ত্রণালয় জানায়, এ ছাড়া বৈঠকে গণপূর্ত অধিপ্তর কর্তৃক রাজধানীর শেরেবাংলা নগরে তিন বেজমেন্টের একটি ১২ তলা অফিস ভবন নির্মাণে একটি প্যাকেজ কাজের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে কুশলী নির্মাতা লিমিটেড। এতে ব্যয় হবে ১০৮ কোটি ৭০ লাখ ৬৬ হাজার টাকা।
এদিকে বেসরকারি খাতে স্থাপিত ৫৫৭ মেগাওয়াট ক্ষমতার ফার্নেস অয়েল (এইচএফও) ভিত্তিক ছয়টি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বকেয়া ৭১৬ কোটি ৮০ লাখ টাকার বিল পরিশোধ ভূতাপেক্ষা অনুমোদনের প্রস্তাব এজেন্ডাভুক্ত থাকলে বৈঠক থেকে প্রত্যাহার করে নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এর আগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সরকারি বিদ্যুৎকেন্দ্র, জয়েন্টভেঞ্চার ও আদানি পাওয়ার ঝাড়খণ্ডসহ ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আদমানি ভর্তুকির তালিকায় অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব উপস্থাপন হয়। তবে এ প্রস্তাবের আংশিক নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
- বিষয় :
- এলএনজি
