টানা ছয় মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৭:৪৩
| প্রিন্ট সংস্করণ
ব্যাংকিং চ্যানেলে টানা ৬ মাস ধরে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। মে মাসে প্রবাসীরা মোট ৩৪২ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। একক মাস হিসেবে যা দ্বিতীয় সর্বোচ্চ। গত রোজার ঈদের আগে মার্চে সর্বোচ্চ ৩৭৬ কোটি ডলার এসেছিল। রেমিট্যান্সের এই ধারাবাহিক উচ্চপ্রবাহ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা রেখেছে বলে জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে প্রবাসীরা মোট তিন হাজার ২৭৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৭৫০ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৫২৫ কোটি ডলার বা ১৯ দশমিক শূন্য ৯ শতাংশ। গত অর্থবছর রেমিট্যান্স বেশি এসেছিল ৬৪২ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮৩ শতাংশ বেশি। আগের অর্থবছরের উচ্চ ভিত্তির ওপর এবারের এই বৃদ্ধি ডলার বাজারে স্বস্তি দিচ্ছে। দীর্ঘদিন ডলারের দর ১২২ টাকা ৭৫ পয়সায় স্থিতিশীল রয়েছে।
গতকাল বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকার পতনের সময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল। এর আগে ২০২১ সালের আগস্টে যা সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের বেশি ছিল।
গত বছরের ডিসেম্বর থেকে প্রতি মাসে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এর মধ্যে গত ডিসেম্বরে ৩২২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি, ফেব্রুয়ারিতে ৩০২, মার্চে ৩৭৫, এপ্রিলে ৩১৩ এবং মে মাসে ৩৪২ কোটি ডলার।
- বিষয় :
- ডলার
