ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু: অর্থমন্ত্রী 

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু: অর্থমন্ত্রী 
×

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৬:১৩

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সেবার সংকট কাটিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে একগুচ্ছ সংস্কার ও বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে দেশব্যাপী নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশ নারী হবেন। 

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে দ্রুত ৫ হাজার  চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, যার ৮০ শতাংশ নারী হবেন। নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে আসন বৃদ্ধির পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিতব্য বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার টাকা। এটি মোট জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৬ দশমিক ৫ শতাংশ। আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ।

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা (জিডিপির ১২ দশমিক ৬ শতাংশ)। সংশোধিত বাজেটে আকার প্রাক্কলন করা হয় ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। সেই হিসাবে এবারের বাজেটের আকার বাড়ছে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা।

সাধারণত বাজেট ঘোষণার পরে দেখা যায় কিছু পণ্য ও সেবার দামে পরিবর্তন আসে। গত বছরের চেয়ে এ বছর বাজেটের আকার বাড়লেও বেশ কিছু পণ্যে উৎস কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বাড়ানো হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। আবার কিছু কিছু খাতে করছাড় ও ভর্তুকির ফলে দাম কমবে পণ্যের।

এবারের বাজেট বক্তৃতায় কোন খাতে কর বাড়ছে, কোথায় করছাড় দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে এর কী প্রভাব পড়তে পারে- সেদিকে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের নজর থাকবে।

আরও পড়ুন

×