ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কর শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৭:০৯
বিভিন্ন ব্যাংকের প্রতি আস্থাহীনতার কারণে এমনিতেই মানুষের হাতে টাকা রাখার প্রবণতা বেড়েছে। এর মধ্যে ব্যক্তি ও যে কোনো ব্যবসায়ীক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতোদিন কেবল এনআইডি দিয়ে ব্যক্তি হিসাব এবং ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসায়ীক হিসাব খোলা যেতো।
বাজেট বক্তৃতায় বলা হয়েছে, নির্দিষ্ট কিছু ব্যক্তি ছাড়া এখন থেকে যে কারও ব্যক্তি অ্যাকাউন্ট খোলার সময় টিআইএন সনদ দাখিল করতে হবে। কেবল স্টুডেন্ট অ্যাকাউন্ট ও নো-ফ্রিলস তথা কম টাকায় খোলা কৃষক, মুক্তিযোদ্ধা, সামাজিক নিরাপত্তার আওতায় ভাতাভোগী ও অ্যাকাউন্ট ও পর্ষদ থেকে অব্যাহতি দেওয়াদের ছাড়া অন্যদের জন্য টিআইএন বাধ্যতামূলক। বর্তমানে এনআইডি, জন্মনিবন্ধনসহ বিভিন্ন পরিচিতিমূলক কার্ডের কপি দিয়ে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে। টিআইএন সনদ না থাকলে মুনাফার ওপর কর বেশি কাটা হয়।
অর্থমন্ত্রী আরও বলেছেন, ভ্যাটের আওতা বাড়াতে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করতে আইনে সংশোধনী আনার প্রস্তাব করছি। বর্তমানে ট্রেড লাইসেন্স ও টিআইএন দিয়ে ব্যবসায়ীক হিসাব খোলা যায়।
ব্যাংকাররা জানান, বিভিন্ন আস্থাহীনতার কারণে ব্যাংকগুলোর প্রতি এমনিতেই মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। এর মধ্যে এরকম সিদ্ধান্ত মানুষকে আরও ব্যাংক বিমুখ করবে। ব্যাংকের বাইরে নিজের হাতে টাকা রাখার প্রবণতা বাড়বে। ফলে একবারে এরকম সিদ্ধান্ত না নিয়ে ধীরে-ধীরে মানুষকে কর দেওয়ার মতো ব্যবস্থায় নিতে হবে।
