ডিএসসিসির ফি-চার্জ আদায়ে এমটিবির সঙ্গে চুক্তি
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩৪
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষে বিভিন্ন ফি ও চার্জ আদায়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
সম্প্রতি নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়। এর আওতায় এমটিবির ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস ব্যবহার করে ডিএসসিসির বিভিন্ন ফি ও চার্জ আদায় করা হবে।
চুক্তি অনুযায়ী, ডিএসসিসি তাদের পক্ষে ফি ও চার্জ আদায়ের ক্ষেত্রে এমটিবির ওভার দ্য কাউন্টার (ওটিসি), এমটিবি নিও অ্যাপ এবং অন্যান্য প্রযোজ্য ডিজিটাল চ্যানেল ব্যবহার করতে পারবে। এ জন্য এমটিবির সমন্বিত এপিআই-চালিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহারের সুযোগ থাকবে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামের উপস্থিতিতে এমটিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ মামুন ফারুক এবং ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. খায়বার রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে এমটিবির ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আশিক ইকবাল খান এবং ডিএসসিসির রাজস্ব বিভাগের চিফ রেভিনিউ অফিসার জোনায়েদ কবির সোহাগ ও সিস্টেমস অ্যানালিস্ট মো. আবু তায়্যব রোকনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে ডিএসসিসির বিভিন্ন ফি ও চার্জ আদায় প্রক্রিয়ায় ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর সেবা ব্যবহারের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ব্যাংক