বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৯:১৭ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১৯:২২
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং (Philip Ong)। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন তারা। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সিঙ্গাপুরের ট্রেডট্রাস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সার্কুলারের আলোকে এ কার্যক্রমে স্থানীয় ব্যাংকগুলোর আগ্রহ এবং ইতোমধ্যে কয়েকটি ব্যাংকের অংশগ্রহণের প্রশংসা করেন সিঙ্গাপুরের প্রতিনিধিরা।
বৈদেশিক বাণিজ্যের ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক ও সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে।
এ সময় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন গভর্নর। দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার আহ্বান জানান তিনি।
সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দেশটির মিনিস্ট্রি অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির ওয়াং চু সিন (WONG Choo Sin) এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের বেনজামিন চু (Benjamin CHUE)সহ একটি প্রতিনিধিদল সাক্ষাতে অংশ নেয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও মো. সরোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ এবং পরিচালক আবু ছালেহ মুহাম্মদ সাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক