ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড
×

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ২০:৩৬

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে চারজনকে দুই মাস করে কারাদণ্ড এবং তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩ এ অভিযান চালায়।

অভিযানে আটক সাতজনের মধ্যে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন– মো. মিরাজ হোসেন, মো. সুজন হোসেন, মো. হারুন ও মো. রাশেদ হক। বাকি তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএতে সেবা নিতে আসা মানুষকে দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষের কাছে অনেক অভিযোগ এসেছে।

তিনি বলেন, সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তি বন্ধ এবং বিআরটিএকে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×