নেত্রকোনায় বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়
ছবি- সমকাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ২১:১৪ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ২১:১৯
নেত্রকোনায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের আরাফাত রহমান।
বুধবার নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় দত্ত উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে দেশজুড়ে চলছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ আয়োজনে ১২তম এ আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। প্রতিযোগিতার আয়োজন করে সমকাল সুহৃদ সমাবেশ নেত্রকোনা জেলা কমিটি।
প্রতিযোগিতায় জেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো- নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দত্ত উচ্চ বিদ্যালয়, রাজুর বাজার কলেজিয়েট স্কুল, চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট উচ্চ বিদ্যালয়।
নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি ও নেত্রকোনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ননী গোপাল সরকার প্রতিযোগিতার উদ্বোধন করেন। সমকাল সুহৃদ সমাবেশ নেত্রকোনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সাহার সভাপতিত্বে এবং সম্পাদক সুস্থির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহমেদ, দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক ও নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, আবু আব্বাস কলেজের অধ্যাপক নাজমুল কবীর সরকার, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম মিয়া এবং অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক মো. শাহজাহান।
সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যুক্তিতর্ক ও যুক্তি খণ্ডনে অংশ নেয়। বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক হারাধন সরকার, শিক্ষক মো. আসলাম মিয়া, উন্মেষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম রিপন, সুস্থির সরকার, অধ্যাপক মো. শাহজাহান, রীতা চৌধুরী ও কনা সাহা। সঞ্চালকের দায়িত্বে ছিলেন নাজমুল কবীর সরকার।
অনুষ্ঠান সমন্বয় করেন সমকাল জেলা প্রতিনিধি মো. খলিলুর রহমান শেখ। সার্বিক সহযোগিতায় ছিলেন সমকাল সুহৃদ জেলা কমিটির সদস্য আবুল খায়ের শাহ ফকির আরাফাত।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল