পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য বাজেট অনুমোদন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৮:৩৫
| প্রিন্ট সংস্করণ
দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১৭৮তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন হয়। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম।
অনুমোদিত বাজেট অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দের অর্থের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা পরিচালন ব্যয় এবং ৪৩টি উন্নয়ন প্রকল্পের জন্য ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন ব্যয় হিসেবে রাখা হয়েছে।
ইউজিসি সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সংশোধিত বাজেট ছিল ১০ হাজার ৮০২ কোটি ২১ লাখ টাকা। সে তুলনায় আগামী অর্থবছরে বিশ্ববিদ্যালয় খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৪৯৭ কোটি ৮৩ লাখ টাকা।
২০২৬-২৭ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির জন্য ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
উচ্চশিক্ষায় গবেষণা ও বৈদেশিক স্কলারশিপ খাতে আগামী অর্থবছরের বাজেটে ২৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি অর্থবছরের তুলনায় ৯ কোটি টাকা বেশি। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ২২৯ কোটি টাকা।
সভায় ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পরামর্শক্রমে একটি নীতিমালা প্রণয়ন করে গবেষণা খাতের অর্থ আরও কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, গবেষণা তহবিল কেন্দ্রীয়ভাবে বরাদ্দ করা
হলেও বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম ব্যাহত হবে না; বরং গবেষণার মান, প্রয়োজনীয়তা ও সম্ভাব্য প্রভাব বিবেচনায় অর্থ বণ্টনের সুযোগ সৃষ্টি হবে।
- বিষয় :
- ইউজিসি
