ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে বড় বাধা অর্থ, শিক্ষার্থীদের ভরসা বৃত্তি

আইডিপি স্টাডি ওয়ার্ল্ড রোডশো

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে বড় বাধা অর্থ, শিক্ষার্থীদের ভরসা বৃত্তি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৮:৩৪

| প্রিন্ট সংস্করণ

দেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহ বাড়লেও শিক্ষার্থী ও অভিভাবকদের বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে অর্থের জোগান। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশে পড়াশোনার ব্যয় বহন করা অনেক পরিবারের পক্ষেই কঠিন। ফলে অনেকেই নির্ভর করছেন পূর্ণ শিক্ষাবৃত্তির ওপর, আবার কেউ ভাবছেন তুলনামূলক কম খরচের দেশ বেছে নেওয়ার কথাও। গতকাল শনিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল, ঢাকায় আয়োজিত ‘আইডিপি স্টাডি ওয়ার্ল্ড রোডশোতে’ অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায় এসব তথ্য।
মেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার্থীরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে ভর্তি, স্কলারশিপ, ভিসা ও খরচসহ নানা বিষয়ে পরামর্শ নেন। শুধু শিক্ষার্থীরাই নয়, সন্তানের উচ্চশিক্ষা নিয়ে তথ্য সংগ্রহ করতে মেলায় এসেছেন অভিভাবকরাও। 

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আলিম রাজ যুক্তরাজ্যে পড়তে যেতে চান। নিজের সঞ্চয় ও পরিবারের সহায়তা মিলিয়ে সর্বোচ্চ ২৫ লাখ টাকা জোগাড় করা সম্ভব হলেও তা বিদেশে পড়াশোনার প্রকৃত ব্যয়ের তুলনায় অপ্রতুল বলে মনে করেন তিনি। তাই তাঁর কাছে স্কলারশিপ অপরিহার্য। 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর ওয়াজিদ প্রথমে অস্ট্রেলিয়ায় পড়াশোনার কথা ভাবলেও এখন যুক্তরাজ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে তুলনামূলক কম খরচে বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী আম্মার বিন আনিস। তাঁর পরিকল্পনা মালয়েশিয়ায় গিয়ে প্রথমে ফাউন্ডেশন কোর্স এবং পরে স্নাতক পর্যায়ে পড়াশোনা করা।

মেলায় ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়
আয়োজক আইডিপির পক্ষ থেকে জানানো হয়, এবারের রোডশোতে যুক্তরাজ্যের আটটি, কানাডার ১৭টি, যুক্তরাষ্ট্রের ১২টি এবং মালয়েশিয়ার পাঁচটিসহ ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর স্টলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।
অনেকে পাসপোর্ট ও একাডেমিক কাগজপত্র সঙ্গে নিয়ে মেলায় আসেন। তারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও প্রোফাইল অনুযায়ী কোন কোর্স বা বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যেতে পারে, সে বিষয়ে সরাসরি পরামর্শ নেন। আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের কোর্স নির্বাচন, ভর্তি যোগ্যতা, স্কলারশিপের সুযোগ ও আবেদন পদ্ধতি, আবেদন ফি মওকুফ, আবাসন, ক্রেডিট ট্রান্সফার এবং ভিসা প্রস্তুতি বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

তবে মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিজ্ঞতায় একটি বিষয়ই সবচেয়ে স্পষ্ট, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে অর্থ। আর তাই সামর্থ্য-সীমিত শিক্ষার্থীদের বড় অংশই এখন খুঁজছেন পূর্ণ বা আংশিক শিক্ষাবৃত্তি এবং তুলনামূলক কম খরচের বিকল্প গন্তব্য।
 

আরও পড়ুন

×