শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৮:১৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৮:২০
শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নামে প্রচারিত একটি অফিস আদেশকে ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে মন্ত্রণালয়। গত ১১ অক্টোবর প্রকাশিত ‘বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের প্রতি অ্যাকাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শন প্রসঙ্গে’ শিরোনামের কথিত বিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের নয়। এতে সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর নকল করে ব্যবহার করা হয়েছে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নামে প্রচারিত একটি অফিস আদেশ কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে ওই বিজ্ঞপ্তির সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।
মন্ত্রণালয় জানায়, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের ফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এ কারণে কথিত বিজ্ঞপ্তিটির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া আদেশের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। একই সঙ্গে অসত্য বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সঠিক ও যাচাইকৃত তথ্যের জন্য মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.shed.gov.bd অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
- বিষয় :
- শিক্ষা মন্ত্রণালয়
- ভুয়া বিজ্ঞপ্তি