ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি
×
×

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১০:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৬ জানুয়ারি। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সমাবর্তনে বক্তৃতা করবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি দেওয়া হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় সমাবর্তন আয়োজনের জন্য একটি নির্বাহী কমিটি, ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় অধ্যাপক ড. আতসুশি সুনামি ও অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন।

সমাবর্তন সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন উপাচার্য। একই সঙ্গে তিনি উপকমিটিগুলোকে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান। শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন

×