শুধু হিন্দি গান গাওয়া না, অ্যালবামও তৈরি করার পরিকল্পনা ছিল: শাফিন
শাফিন আহমেদ। ছবি:সংগৃহীত
রাসেল আজাদ বিদ্যুৎ
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১৬:১৫ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ১৬:২১
শাফিন আহমেদ। নন্দিত কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক, প্রযোজক ও প্রকাশক। এবার ঈদে প্রকাশ পাচ্ছে তাঁর গাওয়া প্রথম হিন্দি একক গান ‘রুবারু’। এ আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা হয় তার সঙ্গে
উৎসবে শ্রোতাদের কিছু না কিছু প্রত্যাশা থাকে। শুনলাম, সেই প্রত্যাশা পূরণের জন্য এবার এমন আয়োজন করছেন, যা সবাইকে চমকে দেবে?
চমকে দেবে কিনা জানিনা, তবে আয়োজনটা ভিন্ন ধরনের মনে হবে। অন্তত আমি কখনও এ ধরনের আয়োজন করিনি।
এর আগে মডেল ও অভিনেতা রূপে হাজির হয়ে চমকে দিয়েছিলেন। এবারও ঈদে কী তেমন কিছু করছেন?
না, না ওসব কিছু না। গানের মানুষ আমি, গানই রিলিজ করব। তবে সেটা বাংলা না, হিন্দি। আমার গাওয়া প্রথম হিন্দি একক গান। টাইটেল ‘রুবারু’। আবু ইমরানের লেখা ও সুরের রোমান্টিক গান এটি। মজার বিষয় হলো, গান গাওয়ার পাশাপাশি এই গানের ভিডিও পরিচালনাও করেছি আমি। লন্ডনে গানের যে অংশের শ্যুট করা হয়েছে, সেগুলো ডিরেকশন দিয়েছি আমি। ঢাকার অংশটা পরিচালনা করেছে ইয়ামিন ইলান। ৫ এপ্রিল ঈদ উপলক্ষে আমার প্রযোজনা প্রতিষ্ঠান ডাবল বেইজ থেকে গানটি ভিডিও আকারে প্রকাশ পাবে। এছাড়াও আর কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে গানটি শোনা যাবে।
হঠাৎ হিন্দি গান গাওয়ার ইচ্ছা হলো?
জীবনে অনেক কিছুই হঠাৎ করে হয়ে যায়। হিন্দি গান গাওয়ার বিষয়টাও তেমনই। কয়েক মাস আগে হঠাৎ লন্ডনে আবু ইমরানের সঙ্গে সাক্ষাৎ। এরপর তার কাছ থেকে হিন্দি গান গাওয়ার প্রস্তাব পাওয়া। আমার মতো অনেক মিউজিশিয়ানই আবু ইমরানকে চেনেন। তবে এখানে সে তন্ময় নামে পরিচিত। সে যাই হোক, তার প্রস্তাব কিছুটা হলেও আমাকে ভাবতে বাধ্য করেছিল। তাই রাজি হয়েছিলাম এই শর্তে যে, আমি যে ধরনের গান গাই, হিন্দি গানের কথা-সুর-সংগীত তেমনই হতে হবে। এটাও সত্যি যে, আমাদের দেশে বহুকাল ধরেই শ্রোতারা হিন্দি গান শুনে আসছেন। আমারও কোনো কোনো শোতে হিন্দি গান গেয়েছি। তারচেয়ে বড় বিষয় সুরের আলাদা কোনো ভাষা নেই। তাই গানের ভাষা যেটাই হোক, সেটাকে কোনো মানচিত্রে বেড়াজালে বন্দি করা যায় না। শ্রোতার মন ছুঁয়ে গেলে, তা পৌঁছে যায় বিশ্বের আনাচে-কানাচে। তাই যখনই ‘রুবারু’ গানের কথা, সুর আর সংগীত পরিকল্পনা ভালো লেগে গেছে, তখন তা রেকর্ড করতেও খুব একটা সময় নেইনি।
কারও কাছে প্রস্তাব না পেলে কী কখনও হিন্দি বা অন্য কোনো ভাষায় গান গাইতেন?
এমনিতেও বাংলার পাশাপাশি মাইলসের বহু শোতে ইংরেজি গান গেয়েছি। ব্যান্ডের প্রথম দুটি অ্যালবামও ইংরেজি গানের। তাই যেকোনো ভাষায় গাইতে প্রস্তুত, যদি তা সময়ের দাবি হয়ে ওঠে। যেমন হিন্দি গানের প্রতি এদেশের অগণিত শ্রোতার এক ধরনের ভালো লাগা আছে। তাই শুধু হিন্দি গান গাওয়া না, অ্যালবামও তৈরি করার পরিকল্পনা ছিল। এটাও অনেক বছর আগে মাইলস ব্যান্ডে থাকার সময়ের কথা। তখন ভারতীয় একজন গীতিকবিকে আমাদের জনপ্রিয় কিছু গানের অনুবাদও করতে দিয়েছিলাম। কিন্তু কাজে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায়, শেষমেশ এই আয়োজন থেমে যায়।
- বিষয় :
- শাফিন আহমেদ
- হিন্দি গান
- কণ্ঠশিল্পী
