যে সমীকরণে শেষ বত্রিশে যেতে পারে ইরান
ছবি- গার্ডিয়ান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৪:৪৭ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১৪:৪৮
মিসরের বিপক্ষে শেষ মুহূর্তে করা গোলটি ভিএআরের সিদ্ধান্তে বাতিল না হলে হয়তো নকআউট নিশ্চিত হয়ে যেত। কিন্তু ১-১ গোলের ড্রয়ে বিশ্বকাপে ইরানের ভাগ্য এখন ঝুলছে অন্য দলগুলোর ফলাফলের ওপর।
গ্রুপ ‘জি’এর শেষ ম্যাচে মিসরের সঙ্গে ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট ও শূন্য গোল ব্যবধান নিয়ে তৃতীয় হয়েছে ইরান। ম্যাচ শুরুর ৫ মিনিটে মাহমুদ সাবেরের গোলে পিছিয়ে পড়ে তারা। ১০ মিনিটে পেনাল্টি মিস করেন মেহেদি তারেমি। তবে ১৪ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান। স্টপেজ টাইমে শোজা খলিলজাদেহ বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয় ভিএআরে। ফলে সরাসরি নকআউট নিশ্চিত করতে পারেনি এশিয়ার দলটি।
ইরানের সামনে এখন কী সমীকরণ?
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও শেষ বত্রিশে খেলবে। বর্তমানে তৃতীয় হওয়া দলগুলোর তালিকায় ইরান রয়েছে দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে ও স্কটল্যান্ডের ওপরে। নকআউটে উঠতে হলে ইরানের নিচে অন্তত একটি দলকে থাকতে হবে।
শনিবার রাতে বাকি থাকা তিনটি গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচগুলোর ওপরই এখন নির্ভর করছে এশিয়ান পরাশক্তিদের ভাগ্য। এই ম্যাচগুলোতে নিচের যেকোনো একটি পরিস্থিতি তৈরি হলেই কপাল খুলবে ইরানের এবং তারা পৌঁছে যাবে শেষ ৩২-এ।
ক্রোয়েশিয়ার হার: ‘জে’ গ্রুপে ক্রোয়েশিয়া যদি ঘানার কাছে যেকোনো ব্যবধানে হেরে যায়।
আলজেরিয়ার হার: ‘কে’ গ্রুপে আলজেরিয়া যদি অস্ট্রিয়ার কাছে যেকোনো ব্যবধানে হারে।
অস্ট্রিয়ার হার: একই গ্রুপে অস্ট্রিয়া যদি আলজেরিয়ার কাছে যেকোনো ব্যবধানে হেরে যায়।
কঙ্গো-উজবেকিস্তান ম্যাচ ড্র: ‘এল’ গ্রুপে ডিআর কঙ্গো বনাম উজবেকিস্তান ম্যাচটি যদি ড্র হয়, তবে কোনো দলই ইরানকে টপকাতে পারবে না।
উজবেকিস্তানের অল্প ব্যবধানে জয়: উজবেকিস্তান যদি ডিআর কঙ্গোকে ৮ গোলের কম ব্যবধানে হারায়, তাহলেও গোল ব্যবধানে ইরানই পরের রাউন্ডে যাবে।
অর্থাৎ, শনিবার রাতের কয়েকটি ম্যাচের ফলের দিকেই তাকিয়ে থাকতে হবে মেহেদি তারেমিদের। সমীকরণ অনুকূলে এলেই শেষ বত্রিশে জায়গা করে নেবে ইরান, অন্যথায় শেষ হবে তাদের বিশ্বকাপ যাত্রা।
- বিষয় :
- ইরান
- বিশ্বকাপ ফুটবল
