শুটিং সেটে গুরুতর আহত ইমরান হাশমি
ইমরান হাশমি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪ | ১৫:০১
শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর ঘাড়ে আঘাত লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে অভিনেতার ঘাড় থেকে রক্ত ঝরতে দেখা গেছে। যা দেখে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হায়দরাবাদে চলছিল ‘গুদাচারি ২’ সিনেমার শুটিং। একটি অ্যাকশন দৃশ্যের শুট চলাকালে ঘটে এই দুর্ঘটনা।
অভিনেতার বিজনেস অ্যাসোসিয়েট সানি খান্না জানিয়েছেন, হাশমির গলায় মারাত্মক জখম হয়েছে। তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন অবশ্য শঙ্কামুক্ত হাশমি। তবে দুর্ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইমরান হাশমি ঘোষণা করেছিলেন এই ছবির। পাশাপাশি শেয়ার করেছিলেন ফার্স্টলুক পোস্টার। ক্যাপশনে লিখেছিলেন, ‘বৃহত্তম গুপ্তচর ফ্র্যাঞ্চাইজি একটি ব্লকবাস্টার সংযোজন পেয়েছে। বোর্ডিং মিশন #জি২। শুটিং চলছে।’
সিনেমাটি পরিচালনা করছেন আদিভি শেশে। ‘জি ২’ হলো আদিভি শেশের ব্লকবাস্টার হিট তেলুগু ছবি ‘গুদাচারি’র সিক্যুয়েল। এতে হাশমি ছাড়াও রয়েছেন শোভিতা ধুলিপালা, জগপতি বাবু প্রমুখ।
- বিষয় :
- ইমরান হাশমি
- বলিউড
