দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে বাংলাদেশের জনি হক
জনি হক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ১৭:৪৭
টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ভোটার নির্বাচিত হলেন বাংলাদেশের সাংবাদিক, গীতিকবি ও চলচ্চিত্র সমালোচক জনি হক। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ৮৩তম আসরে ভোটিং প্যানেলে জায়গা পেয়েছেন তিনি। শুক্রবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন দেশের ৩৮৯ জন ভোটারের নাম ও সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশিত হয়েছে।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ভোটার হিসেবে টানা দ্বিতীয়বার আমন্ত্রণ পেয়ে গর্বিত জনি হক। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের দারুণ সব চলচ্চিত্র ও টেলিভিশন কন্টেন্ট দেখে মতামত দেওয়ার সুযোগ আবার পাওয়া আমার কাছে অনেক বড় সম্মানের বিষয়। কারণ আমার ভোটে নির্বাচিত হবেন গোল্ডেন গ্লোবসের মনোনীত ও বিজয়ীরা। বৈশ্বিক এই আয়োজনে একজন বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করতে পারা ও ভোট প্রদানের সুযোগ পাওয়া আমার কাছে গর্বের ব্যাপার। আগেরবারের মতোই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবো।’
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত আছেন জনি হক। দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন তিনি। ২০১৫ সাল থেকে টানা সাতবার ও সব মিলিয়ে আটবার কান চলচ্চিত্র উৎসব কভার করার অভিজ্ঞতা আছে তার। দক্ষিণ কোরিয়ায় বুসান চলচ্চিত্র উৎসবও কভার করেছেন তিনি।

জনি হকের পাশাপাশি ৮৩তম গোল্ডেন গ্লোবসের আন্তর্জাতিক ভোটার তালিকায় আছেন বাংলাদেশের আরও চার জন। তারা হলেন সাদিয়া খালিদ ঋতি, আদর রহমান, মনজুরুল আলম ও পার্থ সঞ্জয়।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে প্রাথমিকভাবে মনোনীত চলচ্চিত্র ও টেলিভিশন কনটেন্ট দেখে ভোট দেবেন আন্তর্জাতিক ভোটাররা। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ভোটিং প্যানেলের ভোটেই মনোনয়ন ও বিজয়ী তালিকা চূড়ান্ত হবে। ৮৩তম আসরে যুক্ত হয়েছে নতুন বিভাগ সেরা পডকাস্ট। সব মিলিয়ে ২৮টি বিভাগে দেওয়া হবে পুরস্কার।
২০২৬ সালের ১১ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর হওয়ার কথা রয়েছে। এর আগে মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে আগামী ৮ ডিসেম্বর। গত আসরের মতো আবারও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান কমেডিয়ান-অভিনেত্রী নিকি গ্লেজার।
- বিষয় :
- গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস
