ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবিনা ইয়াসমিনের জীবন-কর্ম নিয়ে তিন ঘণ্টার তথ্যচিত্র

সাবিনা ইয়াসমিনের জীবন-কর্ম নিয়ে তিন ঘণ্টার তথ্যচিত্র
×

চ্যানেল আই কার্যালয়ে সাবিনা ইয়াসমিন ও শাইখ সিরাজ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ | ২১:০০ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ | ২১:০৬

বাংলাদেশের সংগীত জগতের অনন্য নাম সাবিনা ইয়াসমিন। গত ৫ দশকের বেশি সময় ধরে আধুনিক গান, বিশেষ করে সিনেমার গানে তাঁর কণ্ঠ উপহার দিয়েছেন এ দেশের মানুষকে। তাঁর গাওয়া গান বেজেছে মানুষের হৃদয়ে হৃদয়ে। এ গুণী কণ্ঠশিল্পীর জীবন, কর্ম ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

‘জুঁইফুল’: সাবিনা ইয়াসমিন’ শিরোনামে প্রায় তিন ঘণ্টা দৈর্ঘ্যের তথ্যচিত্রটি সম্পর্কে বিস্তারিত জানাতে মঙ্গলবার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তথ্যচিত্রটি সম্পর্কে তুলে ধরেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ। এ সময় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘তথ্যচিত্রের কিছু অংশ আজ এ অনুষ্ঠানের মাধ্যমে দেখার সুযোগ হয়েছে। অসম্ভব ভালো লেগেছে এটি। সিরাজ [শাইখ সিরাজ] ভাই যে এত সুন্দর করে এটি তৈরি করবেন, তা কল্পনা করিনি। তথ্যচিত্রটিতে বিরক্ত হওয়ার কিছু নেই। আশা করছি, শ্রোতা-দর্শক নতুন এক সাবিনা ইয়াসমিনকে খুঁজে পাবেন।’  

তথ্যচিত্রটি নির্মাণের পাশাপাশি এটি পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন শাইখ সিরাজ। আগামী ৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন। বিশেষ দিনকে সামনে রেখে চ্যানেল আইয়ে এটি প্রচার হবে ৫ সেপ্টেম্বর বেলা ২টা ৪০ মিনিটে।

এতে উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের জীবনের বহু অজানা তথ্য, শৈশব থেকে কৈশোর এবং কৈশোর থেকে তারুণ্যে যাত্রা, বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় জীবন ও রাজনৈতিক বাস্তবতা। উঠে এসেছে গান ও পরিণত জীবনের গল্প। দিলশাদ থেকে কীভাবে হয়ে উঠলেন বাংলা গানের কোকিল সাবিনা ইয়াসমিন। 

তথ্যচিত্রে সাবিনা ইয়াসমিনের গানে ঠোঁট মেলানো চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী, নির্মাতা, সুরকার কণ্ঠশিল্পীসহ গানের পেছনের স্মৃতি, শুটিংয়ের নানান অভিজ্ঞতা ও শিল্পীসত্তার গল্প তুলে ধরেছেন শাইখ সিরাজ।

এ প্রজন্মের কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, সানিয়া সুলতানা লিজা, ইমরান মাহমুদুল, জানিতা সুলতানা ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা পরিবেশন করেছেন সাবিনা ইয়াসমিনের সাড়ে ১৫ হাজার গানের ভান্ডার থেকে শিল্পীর বাছাই করা ১২টি গান। প্রতিটি গানের সঙ্গে জড়িয়ে থাকা ঘটনা ও আবেগঘন প্রেক্ষাপট তুলে ধরেছেন শিল্পী নিজেই। শুধু গানের গল্প নয়, নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সে সময়ের স্মৃতি, সাফল্য ও সংগ্রামের অভিজ্ঞতা। 

শাইখ সিরাজ বলেন, “তথ্যচিত্রটি নির্মাণে নানা চ্যালেঞ্জ ছিল। সাবিনা ইয়াসমিন সংগীত ক্যারিয়ারে ১৫ হাজার গান গেয়েছেন। এ গানের মধ্যে ১২টি গান বাছাই করা কঠিন ব্যাপার ছিল। এ প্রজন্মের শিল্পীরা তাঁর গাওয়া গান তাঁরই সামনে গেয়েছেন। তথ্যচিত্রের মাধ্যমে তাঁর জীবনটা আমরা খুব কাছে থেকে দেখেছি। আশা করছি, তথ্যচিত্রটি সবার ভালো লাগবে। এতে সাবিনা ইয়াসমিনের অনেক অজানা কিছু জানা যাবে।” 

আরও পড়ুন

×