ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যখন ভালো গল্প পাই না, তখন নিজের মতো সময় কাটাই: অর্ষা

যখন ভালো গল্প পাই না, তখন নিজের মতো সময় কাটাই: অর্ষা
×

নাজিয়া হক অর্ষা। ছবি: সংগৃহীত

রাসেল আজাদ বিদ্যুৎ

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ১৩:৫৮ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ১৪:৪২

‘স্বাধীন তারকা’ শব্দ জোড়া নাজিয়া হক অর্ষার নামের পাশেই শোভা পায়। কারণ এই অভিনেত্রী কখনও শীর্ষ তারকা হওয়ার দৌড়ে অংশ নেন না। সেই কাজও করতে অপারগ, যা করতে তাঁর মন সায় দেয় না। এমনও নয় যে, অভিনয় ক্যারিয়ার নিয়ে তাঁর আলাদা পরিকল্পনা আছে; তাই সব সময় বেছে বেছে কাজ করেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কে এগিয়ে যাচ্ছে, কে পিছিয়ে পড়ছে– তার হিসাবনিকাশ করতে বসেন না এই অভিনেত্রী।

যেজন্য তাঁর ভাবনার জগৎ কেমন, তা স্পষ্ট করে জানার সুযোগ হয়নি অনেকের। অভিনয়ে তিনি যেভাবে পথ চলছেন, তা দেখে এটুকু অনুমান করতে কষ্ট হয় না যে, অর্ষা কোনো কিছু পাওয়ার আশায় নিজের স্বাধীনতাকে জলাঞ্জলি দিতে প্রস্তুত; বরং চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে রাজি আছেন, তবু মনের ওপর জোর খাটিয়ে যে কোনো কিছু করতে নারাজ। অর্ষার কথায়, তিনি নিজ জীবন নিজের মতো করে কাটাতে চান। আর যখন অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান, তখন অভিনীত চরিত্র দিয়ে জীবন চেনার চেষ্টা করেন। কারণ প্রতিটি চরিত্রে আলাদা জীবনের স্বাদ নিতে চান। ডুব দিতে চান সেই চরিত্রের গহিনে।

যার যাপিত জীবন, ভাবনার জগৎ, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নানা ঘটনার সাক্ষী হওয়া থেকে শুরু করে তাঁর শেষ পরিণতিটা জেনে নিতে চান। তাঁর কাছে অভিনয় মানে তাঁর কাছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন্য কারও জীবনে ভ্রমণের স্বাদ নেওয়া। এ কারণেই অর্ষা নির্দ্বিধায় বলতে পারেন, অভিনেত্রী হিসেবে কোনো পরিকল্পনা করে এগোতে চান না তিনি। অভিনয়ের সূত্র ধরে যা কিছু পেয়েছেন তা নিয়েই খুশি থাকার চেষ্টা করেন। খ্যাতির মোহ পেয়ে বসেনি বলেই কোনো কিছু নিয়ে হতাশ নন। নিজের সঙ্গে অন্যদের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষার ইচ্ছাও হয় না। তাই অভিনয় জগতে পথ চলছেন, সেটাই অব্যাহত রাখতে চান। 

অর্ষা সেই তারকাদের একজন যিনি নিজের যোগ্যতা, পারদর্শিতা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন। সে কারণে হয়তো নিজের সম্পর্কে সত্যিটা অকপটে তুলে ধরতে পারেন তিনি। এই যেমন কোনো কোনো সময় একাধিক কাজে তাঁকে দেখা যাচ্ছে, তারপর হঠাৎ বিরতি। এমনটা কেন হয়? এর উত্তরে অর্ষা বলেন, যখন ভালো গল্প খুব একটা পাই না, তখন যেখানে কাজ হাতে নেওয়ার চেয়ে নিজের মতো করে সময় কাটাই। এটা ভাবিনি, যে এতে অভিনয়ে একটা বিরতি পড়ে যেতে পারে। যে কাজ দর্শকের মনে ছাপ ফেলার সম্ভাবনা নেই, তেমন কিছু করার করতে চাই না। এও সত্যি সংখ্যার বিচারে ভালো নাটকের অনেক কম। তাই বলেও তো পারিশ্রমিক আর কাজের সংখ্যা বাড়তে পর্দার নিয়মিত মুখ হওয়া চলে না। অন্তত আমার মন এ বিষয়ে সায় দেয় না। তাই যতটুকু সুযোগ পাই, ভালো এবং ব্যতিক্রমী গল্প ও চরিত্র বেছে নেওয়ার চেষ্টা করি।’

 কিন্তু ভালো গল্প ও চরিত্র হাতে পেলেই তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন, এ বিষয়ে আপনি কতটা নিশ্চিত? এর উত্তরে অর্ষা বলেন,  কোনো কিছুই শতভাগ নিখুঁত হয় না, কিন্তু যদি আমার মনে তাড়না থাকে নিজের সর্বোচ্চটা দিয়ে সেরা কিছু তুলে ধরার, তাহলে অন্তত সেই কাজ কাউকে নিরাশ করবে না। এই ভাবনা থেকেই আমি অভিনয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। অভিনীত সব চরিত্রের জীবনধারা ও ভাবনার জগৎ সম্পর্কে আগে থেকেই অনেক ধারণা রাখি এমন নয়। তাই নির্দেশকের পরামর্শ মেনে এবং গল্প ও চরিত্রের জন্য আলাদা করে প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়াই। কিন্তু তার বদলে আমি যদি নিজের কাজ ঠিকমতো করতাম, অভিনয়ে মনোযোগ না দিয়ে কেবল নিজেকে প্রদর্শনের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতাম, তাহলে এতটা পথ পাড়ি দেওয়া হতো কিনা বলা কঠিন।’
 

আরও পড়ুন

×