তেল সংকটের গুঞ্জনে বাগমারার ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়
ছবি- সমকাল
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ০১:৪৭
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে হঠাৎ করেই বেড়েছে যানবাহনের ভিড়। জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের গুঞ্জন ছড়িয়ে পড়ায় প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনতে ভিড় করছেন মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকরা।
মঙ্গলবার উপজেলার ভবানীগঞ্জ ফিলিং স্টেশন, শিকদারীর রোকেয়া ফিলিং স্টেশনসহ অন্য দুটি ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা যায়। তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অসংখ্য মোটরসাইকেল আরোহীকে।
স্থানীয়দের অভিযোগ, কিছু পাম্পে তেলের মজুত থাকা সত্ত্বেও অনেক গ্রাহককে তেল না থাকার কথা বলা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল সংগ্রহ করতে পারেননি বলে অভিযোগ করেছেন।
তবে এ পরিস্থিতির কারণ সম্পর্কে পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। এটি প্রকৃত জ্বালানি সংকট, নাকি সরবরাহ-সংক্রান্ত সাময়িক সমস্যা—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পাম্প মালিকদের ধারণা, গুঞ্জনের কারণেই অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে।
গোয়ালকান্দি ইউনিয়নের খুচরা তেল বিক্রেতা সেলিম রেজা বলেন, সকাল থেকেই অনেক মোটরসাইকেল মালিক প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনতে আসছেন। বিকেলের দিকে শোনা যায়, তেল সংকট হতে পারে—এমন আশঙ্কায় অনেকেই অতিরিক্ত তেল সংগ্রহ করছেন।
মোটরসাইকেল চালক শামীম আহমেদ বলেন, আমিও শুনেছি তেল সংকট হতে পারে। তাই একটু বেশি তেল নেওয়ার চেষ্টা করছি।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অন্য কোনো অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- জ্বালানি তেল