ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এ সপ্তাহের ওটিটি

‘গৃহপ্রবেশ’-‘পরম সুন্দরী’সহ আরও যা থাকছে

‘গৃহপ্রবেশ’-‘পরম সুন্দরী’সহ আরও যা থাকছে
×

‘দে কল হিম ওজি’ সিনেমার পোস্টার, ‘পরম সুন্দরী’ সিনেমার একটি দৃশ্য ও ‘গৃহপ্রবেশ’ সিরিজের পোস্টার। কোলাজ: সমকাল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ১৪:১৫

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

নেটফ্লিক্স
নেটফ্লিক্সে ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তেলেগু সিনেমা ‘দে কল হিম ওজি’। এতে অভিনয় করেছেন পবন কল্যাণ, ইমরান হাশমি ও প্রিয়াঙ্কা।

অ্যাকশনভিত্তিক এই ক্রাইম থ্রিলারে কেন্দ্রীয় চরিত্র ওজাস গম্ভীরা– একজন গ্যাংস্টার, যিনি এক দশক পর মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে ফিরে আসেন। পুরোনো শত্রুদের প্রতিশোধ নিতে গিয়ে নতুন করে তৈরি করেন নিজের সাম্রাজ্য। শুরু হয় রক্তাক্ত লড়াই ও টিকে থাকার যুদ্ধ। একই প্ল্যাটফর্মে ২৪ অক্টোবর মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘আ হাউস অব ডিনামাইট’। এতে অভিনয় করেছেন ইদ্রিস এলবা, রেবেকা ফার্গুসন ও গ্যাব্রিয়েল বাসো।
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের ঘিরে তৈরি এই রাজনৈতিক থ্রিলারে দেখা যায়, দেশটির দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পেছনে কে বা কারা, তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। সময় গড়িয়ে যায়, হুমকি বাড়ে– তারা কি শেষ পর্যন্ত ধ্বংস ঠেকাতে পারবে? এ প্রশ্ন নিয়ে এগিয়ে যায় গল্প। 

চরকি
২৩ অক্টোবর চরকিতে মুক্তি পেয়েছে বাংলা ফ্ল্যাশ ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’। এতে অভিনয় করেছেন মীর রাব্বি, সুদীপ বিশ্বাস দীপ ও আরিয়ানা জামান।
দুই দম্পতিকে ঘিরে এগিয়েছে গল্প। এক যুবক স্ত্রীকে নিয়ে বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। সেখানে শুরু হয় দুই পরিবারের মধ্যে নানা দ্বন্দ্ব। ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয় টানাপোড়েন, আর সেখানেই গল্প নেয় নাটকীয় মোড়।

হইচই
২৪ অক্টোবর হইচইতে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘গৃহপ্রবেশ’। অভিনয়ে শুভশ্রী গাঙ্গুলি, জিতু কমল ও কৌশিক গাঙ্গুলি।
এক গৃহবধূর গল্প– যিনি বছরের পর বছর অপেক্ষা করেন তাঁর স্বামীর জন্য। হঠাৎ এক অজানা অতিথির আগমনে তাঁর জীবন পাল্টে যায়। অতিথির প্রতি টান অনুভব করতে শুরু করেন তিনি। কিন্তু যখন সেই আগন্তুকের আসল পরিচয় প্রকাশ পায়, গল্প ঘুরে যায় অন্যদিকে।

প্রাইম ভিডিও
২৪ অক্টোবর প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘পরম সুন্দরী’। অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর ও সঞ্জয় কাপুর।

দিল্লির যুবক পরম এমন এক স্টার্টআপ গড়তে চায়, যেখানে মানুষ নিজের সোলমেট খুঁজে পাবে। বাবা শর্ত দেন– নিজের সোলমেট না পাওয়া পর্যন্ত বিনিয়োগ করবেন না। সেই খোঁজে পরম যায় কেরালা, আর সুন্দরী নামের এক মেয়ের প্রেমে পড়ে। কিন্তু তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায় সংস্কৃতিগত পার্থক্য ও পারিবারিক টানাপোড়েন।

আরও পড়ুন

×