৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি
প্রতীকী ছবি
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ১১:১৯ | আপডেট: ০৪ জুন ২০২৬ | ১২:১৭
নাটোর সদর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। তবে গতকাল বুধবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
শরিকুল একই এলাকার আব্বাস আলীর ছেলে।
ভুক্তভোগীকে নাটোর জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে শিশুটিকে ফুচকা খাওয়ানোর কথা বলে ভুট্টাখেতে নিয়ে তাকে ধর্ষণ করে শরিফুল। পরে শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখার হুমকি দেয়। তবে শিশুটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী শরিফুলকে গণপিটুনি দেয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে শরিফুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
