চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবার বগুড়ায়
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ১৪:১১
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৫ এবার অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ায়। আগামী ৭ এপ্রিল বগুড়ার পাঁচতারকা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত মাঠে বসবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২০তম আসর। এ বছর আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটেগরিতে এ পুরস্কার দেওয়া হবে। এই আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নবীন-প্রবীণ সংগীতশিল্পী ও কলাকুশলী।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৫ প্রদান উপলক্ষে এর বিস্তারিত জানাতে গতকাল ৫ মার্চ দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, খ্যাতিমান সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, সালাউদ্দিন আহমেদ, টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর প্রকল্প পরিচালক রাজু আলীমসহ দেশবরেণ্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর প্রকল্প পরিচালক রাজু আলীম।
ফরিদুর রেজা সাগর তাঁর বক্তব্যে বলেন, এই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয় সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। এই স্বীকৃতি একজন নবীন শিল্পীকে যেমন প্রেরণা জোগায়, তেমনি একজন প্রবীণ শিল্পীকে তাঁর কাজে উৎসাহ দেয়। টিএমএসএসের প্রতিষ্ঠাতা ড. অধ্যাপিকা হোসনে আরা বেগম বলেন, ‘চ্যানেল আই আমাদের পরিবার মনে করেছে। এই ধরনের একটি অনুষ্ঠানের সঙ্গে আমাদের সম্পৃক্ত করায় আমরা কৃতজ্ঞ চ্যানেল আইয়ের প্রতি।’ গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘টিএমএসএস সামাজিক কাজ করে। চ্যানেল আইও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে। এদিক থেকে আমাদের মিল রয়েছে।’ এ ছাড়া বক্তব্য রাখেন টিএমএসএসের অ্যাডিশনাল ডিরেক্টর জোসেফ এল গোমেজ, টিএমএসএসের চিপ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।
২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৫-এর ক্যাটেগরিগুলো হলো: আধুনিক গান–শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান–শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান–শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সংগীতশিল্পী (২টি), শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী (পল্লিগীতি ও মরমি), ছায়াছবির গান–শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান–শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান–শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা, শ্রেষ্ঠ নজরুলসংগীত শিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত শিল্পী, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ অডিও কোম্পানি, অনলাইন ভিউ (আধুনিক গান)–শ্রেষ্ঠ শিল্পী, অনলাইন ভিউ, (ছায়াছবির গান)–শ্রেষ্ঠ শিল্পী (২টি), অনলাইন ভিউ (লোকসংগীত শিল্পী)–শ্রেষ্ঠ শিল্পী, আজীবন সম্মাননা এবং বিশেষ সম্মাননা-২টি। সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন–এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সাল থেকে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। এই মহৎ উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন কলাকুশলীদের কাছ থেকে অর্জন করেছে বিপুল প্রশংসা।
- বিষয় :
- মিউজিক
- শাইখ সিরাজ
