ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজশাহীতে শামস সুমনের মরদেহ, রাতে দাফন

রাজশাহীতে শামস সুমনের মরদেহ, রাতে দাফন
×

শামস সুমন। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ১৪:৩৮ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ | ১৬:১৬

স্কুলজীবনে রাজশাহী বেতারে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সঙ্গে যুক্ত হয়ে তিনি সাংস্কৃতিক অঙ্গনে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন। বলা চলে, অভিনেতা শামস সুমনের শিল্পীজীবনের শুরু হয় রাজশাহীতে। জীবনের নানা স্মৃতি জড়িয়ে থাকা সেই শহরেই আজ তিনি ফিরলেন নিথর দেহ হয়ে।

আজ দুপুরে ঢাকা থেকে শামস সুমনের মরদেহ রাজশাহীতে পৌঁছেছে। বাদ ঈশা তার দাফন সম্পন্ন হবে বলে জানান অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

তিনি বলেন, ‘শামস সুমনের মরদেহ রাজশাহীতে পৌঁছেছে। বাদ যোহর নগরীর ঝাউতলা এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে আছি। বিদেশে থাকা পরিবারের সদস্যরাও রাজশাহীর উদ্দেশে যাত্রা করেছেন। তারা পৌঁছানোর পর তৃতীয় যানাজা শেষে নগরের হেতেম খাঁ গোরস্তানে শামস সুমনকে দাফন করা হবে।’

রাজশাহীতে শামস সুমনের মরদেহ। ছবি: রাশেদ মামুন অপু

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামস সুমন। ৬১ বছর বয়সী এই অভিনেতার প্রথম জানাজা বুধবার সকালে রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেখানে সহকর্মী, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। পরিবারের সদস্যদের উপস্থিতির পর রাজশাহীতে দ্বিতীয় জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘ অভিনয়জীবনে শামস সুমন অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘অহংকার’, ‘অনুরাগ’, ‘যদি ভালোবাসো’, ‘এই তো আমাদের বাড়ি’, ‘রাতের অতিথি’, ‘অতন্দ্র প্রহর’ ও ‘খোঁজ’।

পাশাপাশি ‘জয়যাত্রা’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘আয়না কাহিনি’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘চোখের দেখা’ ও ‘মন জানে না মনের ঠিকানা’সহ একাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। নির্মাতা শহিদুল ইসলাম খোকনের ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

আরও পড়ুন

×