ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পণ্য দশগুণ বেশি দামে বিক্রি, ভূমির জবাবে অসন্তুষ্ট সাধারণ জনতা

পণ্য দশগুণ বেশি দামে বিক্রি, ভূমির জবাবে অসন্তুষ্ট সাধারণ জনতা
×

ভূমি পেড়নেকর

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ১৩:৩৮ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ | ১৩:৪৪

অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন বলিউড তারকা ভূমি পেড়নেকর। তবে অন্যান্য বলিউড তারকাদের মতো সিনেমা প্রযোজনায় না গিয়ে খাদ্যপণ্য বাজারজাতকরণের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এরই মধ্যে ‘ব্যাকবে’ নামে বোতলজাত বিশুদ্ধ পানি বাজারে ছেড়েছেন।

আর এই পানীয় নিয়েই শুরু হয়েছে নানা সমালোচনা। কারণ একটাই, ভূমির কোম্পানির পণ্য দশগুণ বেশি দামে বিক্রি করেছেন। যেখানে ভারতের প্রতিটি জায়গায় সাধারণত ৭৫০ মিলিলিটার পানির বোতল বিক্রি হচ্ছে ২০ রুপিতে, সেখানে ভূমির ব্র্যান্ডে ৭৫০ মিলিলিটার পানির দাম রাখছেন ২০০ রুপি! এমনকি ৫০০ মিলিলিটারের পানির বোতলের দাম ১৫০ রুপি রাখা হচ্ছে!! আর এ নিয়ে প্রশ্ন উঠেছে, ঠিক কারণে ভূমি তাঁর পণ্যের এমন দাম নির্ধারণ করেছেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাবে ভূমি বলেছেন, ‘আমি যে ক্যাটেগরিতে ব্যবসা করছি, সেখানে অন্য নামি ব্র্যান্ডের পানির দাম এর চেয়েও বেশি। হ্যাঁ, আমার পানি দামি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটি তো সাধারণ মানুষের জন্য নয়, এটি প্রিমিয়াম প্রোডাক্ট। বাজারে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড আছে, যেগুলোর দাম ৫০০-৬০০ রুপি। সেগুলোর তুলনায় আমার ব্র্যান্ডের দাম তো অনেক কম।’

ভূমির কাছে এমন জবাব পেয়ে মোটেও খুশি নন সাধারণ জনতা। তাই অভিনেত্রী ভূমির প্রশংসা করলেও ব্যবসায়ী হিসেবে তাঁকে সাদা চোখে দেখছেন না অনেকে।

আনন্দবাজার, টিভি নাইন বাংলাসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, গত বছর বোন সমীক্ষার সঙ্গে হাত মিলিয়ে হিমাচল প্রদেশে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে এই ব্যবসা শুরু করেন ভূমি। তখন থেকেই প্রশ্ন উঠছিল তার ব্র্যান্ড ‘ব্যাকবে’র পানীয়ের দাম নিয়ে। এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রল হচ্ছে পানি বোতলের আকাশছোঁয়া দাম নিয়ে। অভিনেত্রীর দিকে ধেয়ে আসছে একের পর এক কটাক্ষের তীর। যার পরিপ্রেক্ষিতে মুখ খুলতে বাধ্য হয়েছেন ভূমি।

অনেক সামলোচনার পরও সাফ জানিয়েছেন, তিনি কম টাকায় পানি বেচতে আসেননি! কারণ ব্যবসায়ী হিসেবে তাঁর চিন্তাভাবনা সুদূরপ্রসারী। সে কারণে মিনারেল ওয়াটার ছাড়াও ‘স্পার্কলিং ওয়াটার’ বাজারজাত করতে যাচ্ছেন তিনি।

শিগগিরই পূর্ণাঙ্গ ‘বেভারেজ ব্র্যান্ড’ হওয়ার পথে তাঁর কোম্পানি। যাদের দাম নিয়ে আপত্তি রয়েছে, তাদের জন্য ভূমির স্পষ্ট বার্তা ভবিষ্যতে তিনি সাধারণ মানুষের জন্য একটি ‘সিস্টার ব্র্যান্ড’ আনতে পারেন, কিন্তু ‘ব্যাকবে’ তার আভিজাত্য বজায় রাখবে। খাবারের গুণগতমান এবং স্বচ্ছতা বজায় রাখতে কোনো আপস করবেন না।

তাঁর এই কথায় স্পষ্ট যে, ‘দম লগা কে হইসা’ বা ‘সোনচিড়িয়ার’ মতো সিনেমায় ভূমির অভিনয় যেমন বাস্তবের কাছাকাছি থাকে, ব্যবসার ক্ষেত্রেও তিনি ততটাই রিয়েলিস্টিক হতে চাইছেন। এখন দেখার, সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরের এই ‘প্রিমিয়াম ওয়াটার’ শেষ পর্যন্ত ব্যবসায়িক লড়াইয়ে বাজারে টিকে থাকে কিনা। 

এদিকে ব্যবসায়ী প্রসঙ্গকে পাশ কাটিয়ে অনেকেই কৌতূহলী হয়ে উঠেছেন ভূমি পেড়নেকরের নতুন ওয়েব সিরিজ ‘দলদল’ নিয়ে। সিরিজটি দেখে অনেকেই ভূমির অভিনয়ের প্রশংসায় মেতেছেন।

আরও পড়ুন

×