ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হাল ছাড়তে দেননি মা, জুগিয়েছেন অনুপ্রেরণা: অর্ষা

হাল ছাড়তে দেননি মা, জুগিয়েছেন অনুপ্রেরণা: অর্ষা
×

নাজিয়া হক অর্ষা ও তার মা মাসুদা হক। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৮:২৮

মা হারানো জীবনের সবচেয়ে অসহ্যকর শোক, যা এক গভীর শূন্যতার সৃষ্টি করে। গত বছরের ২০ জুন মাকে হারিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। তাই মাকে ছাড়া কাটছে তার প্রথম মা দিবস। বিশেষ এই দিনে মাকে নিয়ে আবেগঘন অর্ষা।

আজ সমকালকে তিনি বলেন, ‘গত ২০ জুন মা মারা গেছেন। তাই মা হারানোর কষ্টটা এখন তাজা। আমার জীবনে ফুল কিনে দিলে মাকেই দিয়েছি। মনে পড়ছে, বর্ষা মৌসুমে শুটিংয়ে আসা-যাওয়ার সময় কদম-বেলি ফুল কিনে মাকে দিতাম। পরে দেখতাম মা সেগুলো খুব যত্ন করে রাখতেন। এবার আর সেটা হচ্ছে না। এবারের মা দিবসটা আমার কাছ সত্যিই বেদনার।’

অর্ষার কথায়, ‘আমি ননমিডিয়া পরিবার থেকে উঠে এসেছি। এমন পরিবার থেকে যারা অভিনয়ে আসেন তাদের স্ট্রাগলটা একটু বেশি। কারণ, আমাদের এখানে পুরোপুরি অপরিচিত থেকে শুরু করতে হয়। শুরুর সময় বাবা মিডিয়াকে সায় না দিলেও মা আমাকে নিয়ে প্রত্যেক অফিসে ঘুরেছেন। সবার সঙ্গে পরিচয় করিয়েছেন।’

একটা সময় মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্ষা। কিন্তু মায়ের অনুপ্রেরণায় ২০০৯ লাক্স-চ্যানেল আই সুপারস্টার তৃতীয় রানার-আপ বিজয়ী হন অর্ষা। এরপর থেকে এখন পর্যন্ত নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি।

অর্ষা বলেন, “আমি লাক্স তারকা হওয়ার আগে কাজ করে পেতাম ৫০০ টাকা আর যাতায়াত খরচ হতো ১ হাজার টাকা। অনেক সময় মায়ের জমানো টাকা দিয়ে কাজে যেতে হতো। এসব ভেবে একটা সময় বিরক্তে হাল ছেড়েই দিয়েছিলাম। কিন্তু মা আমাকে হাল ছাড়তে দেননি। তিনি বলেছিলেন, ‘আরেকটু ধর্য্য ধর। সবকিছু হবে।’ লাক্স তারকা হওয়ার পর সময় বদলেছে। এখন তো নিয়মিত কাজ করে যাচ্ছি।”

এই অভিনেত্রীর কথায়, ‘পড়ালেখার বিষয়ে মা কখনো আমাদের তিন বোনকে নিয়ে টেনশন করতেন না। আমাদের ওপর তার অগাধ আস্থা ছিল যে আমরা ভালো করবো। করেছিও তাই। আজ মা দিবসে বলতে চাই, কেন এতো তাড়াতাড়ি চলে গেলে মা?’

আরও পড়ুন

×