ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

২৫ বছরের পরিচয়, যোগাযোগ হারিয়ে ফের কাছাকাছি আমির-গৌরী

২৫ বছরের পরিচয়, যোগাযোগ হারিয়ে ফের কাছাকাছি আমির-গৌরী
×

আমির খান ও গৌরী স্প্র্যাট। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ১৪:৪২ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ১৫:৩৪

বলিউড সুপারস্টার আমির খান ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাট আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের বাসভবনে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ে। তবে এই সম্পর্কের শুরু আজকের নয়—প্রায় ২৫ বছর আগে বেঙ্গালুরুতে প্রথম দেখা হয়েছিল দুজনের।

২৫ বছর আগে প্রথম পরিচয়
আমির খান ও গৌরী স্প্র্যাটের প্রথম পরিচয় হয়েছিল প্রায় ২৫ বছর আগে বেঙ্গালুরুতে। তখন তাঁদের মধ্যে পরিচয় হলেও সময়ের সঙ্গে দুজনের পথ আলাদা হয়ে যায় এবং দীর্ঘদিন যোগাযোগ ছিল না।

আবার দেখা, নতুন শুরু
২০২৩ সালের মাঝামাঝি আমিরের এক স্বজনের মাধ্যমে আবার যোগাযোগ হয় তাঁদের। নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আমির জানান, দুজনের দেখা হয়েছিল একেবারেই ‘হঠাৎ’। এরপর নিয়মিত যোগাযোগ শুরু হয়, যা ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেয়।

১৮ মাসের সম্পর্কের পর প্রকাশ্যে প্রেম
পুনরায় সম্পর্ক গড়ে ওঠার পর প্রায় দেড় বছর প্রেম করেছেন আমির ও গৌরী। পরে ২০২৫ সালে প্রথমবারের মতো প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা জানান অভিনেতা। তিনি বলেন, “প্রায় ২৫ বছর ধরে আমরা একে অপরকে চিনি। আবার দেখা হওয়ার পর সবকিছু স্বাভাবিকভাবেই এগিয়েছে।”

আমির খান ও গৌরী স্প্র্যাট

সম্পর্কের খবর এতদিন গোপন রাখার প্রসঙ্গে তখন মজা করে আমির বলেছিলেন, ‘দেখো, তোমাদের কাউকে কিছু জানতে দিইনি। আমাদের সম্পর্কটি প্রায় ১৮ মাস ধরে চলছে। গৌরী বেঙ্গালুরুতে থাকতেন। আমি সেখানে গিয়ে দেখা করতাম। মুম্বাইয়ের তুলনায় সেখানে মিডিয়ার নজরও কম ছিল। তাই আমরা অনেকটাই আড়ালে থাকতে পেরেছি।’

কে এই গৌরী স্প্র্যাট
গৌরী স্প্র্যাটের বেড়ে ওঠা মূলত বেঙ্গালুরুতেই। তার মা রিটা স্প্র্যাট শহরের পরিচিত এক সেলুন ব্যবসায়ী ছিলেন। গৌরীর শিক্ষাজীবনের একটি অংশ কেটেছে ব্লু মাউন্টেন স্কুলে। পরে তিনি ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেন। গৌরী স্প্র্যাট এর আগে বিয়ে করেছিলেন। সেই সংসারের সাত বছর বয়সী এক ছেলে রয়েছে।

গৌরীকে নিয়ে আরিরের সবচেয়ে আলোচিত মন্তব্য
এক সাক্ষাৎকারে আমির খান জানান, গৌরী তার জীবনে আসার পর তিনি মানসিকভাবে অনেক শান্তি খুঁজে পেয়েছেন। অভিনেতা বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে গৌরীর সঙ্গে আমার পরিচয় হয়েছে। তার সঙ্গে থাকলে আমি অনেক শান্তি অনুভব করি। কিরণ ও রীনার সঙ্গেও আমার গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত টেকেনি। গৌরী আমার জীবনে আসায় আমি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করি। আমরা একসঙ্গে খুব ভালো আছি।’

পরিবারের সমর্থন
সম্পর্ক প্রকাশ্যে আসার পর বিভিন্ন অনুষ্ঠানে আমিরের সঙ্গে দেখা যায় গৌরীকে। আমির জানান, তাঁর সন্তান এবং সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও—সবাই তাঁদের সম্পর্ককে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

আমির খান ও গৌরী স্প্র্যাট

আগের সংসার
আমির খান ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। এরপর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের একমাত্র ছেলে আজাদ। ২০২১ সালে পারস্পরিক সমঝোতায় আলাদা হয়ে যান তাঁরা।

অন্যদিকে, গৌরী স্প্র্যাটও এর আগে বিবাহিত ছিলেন। আগের সংসারে তাঁর একটি ছেলে রয়েছে, যার বয়স বর্তমানে ছয় বছর।

আজ ঘরোয়া আয়োজনে বিয়ে
গত মাসেই আমির নিশ্চিত করেছিলেন, ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে ছোট পরিসরে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হবে। জানা গেছে, অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১৫০ জন ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধু উপস্থিত থাকবেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দিনের শুরুতেই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিয়ে নিবন্ধন করবেন এই জুটি। বিয়ের খাবারের মেনুও নাকি নিজেরাই পছন্দ করেছেন আমির ও গৌরী। অতিথি তালিকায় রয়েছেন নির্মাতা অশুতোষ গোয়ারিকর, রাজকুমার সন্তোষীসহ আমিরের ঘনিষ্ঠ বন্ধুরা। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×