বাংলাদেশি ‘দেলুপি’ সিনেমার সঙ্গে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কশ্যপ
‘দেলুপি’ সিনেমার পোস্টার ও অনুরাগ কশ্যপ
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৮:৫৫ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৮:৫৬
বাংলাদেশের আলোচিত ‘দেলুপি’ চলচ্চিত্র আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হয়েছেন ভারতের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক পরিসরে চলচ্চিত্রটি ‘অনুরাগ কশ্যপ নিবেদিত দেলুপি’ নামে উপস্থাপিত হবে। তবে কেন বাংলাদেশের এই চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হলেন তিনি, সেই বিষয়ে জানিয়েছেন ছবিটির প্রযোজক অমিত রুদ্র।
তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্রটির মুক্তিযাত্রা এখনও শেষ হয়নি। আন্তর্জাতিকভাবে আরও মুক্তি বাকি রয়েছে। ওটিটিসহ বিভিন্ন মাধ্যমে পর্যায়ক্রমে চলচ্চিত্রটি মুক্তি পাবে। সেই যাত্রায় নিবেদক হিসেবে আমাদের পাশে থাকবেন অনুরাগ কশ্যপ।’
এছাড়া আজ সোমবার (৬ জুন) দুপুরে ফেসবুক পোস্টে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে দেলুপি’র প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।
পোস্টে বলা হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনুরাগ কাশ্যপ দেলুপিতে অনবোর্ড হয়েছেন। এখন থেকে দেলুপি বিশ্বজুড়ে পরিচিত হবে “অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি”। এটার পর অনেক কিছুই লেখা যায়। কিন্তু সত্যি বলতে, যাই লিখি না কেন, সেটা দিয়ে এই মুহূর্তে আমাদের অনুভূতিটা ঠিক বোঝানো সম্ভব না। একটি স্বাধীন বাংলাদেশি চলচ্চিত্রের কাঁধে কাঁধ মিলিয়ে অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতার দাঁড়ানো আমাদের জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং সামনের পথচলার জন্য এক বিশাল অনুপ্রেরণা।’
এর আগে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, ‘দেলুপি’ দেখার পর এর গল্প, নির্মাণশৈলী ও চিত্রভাষা অনুরাগ কশ্যপকে মুগ্ধ করে। এরপরই তিনি চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।
গত বছরের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবনকে কেন্দ্র করে। নদীভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় রাজনীতির প্রভাব এবং প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রাম উঠে এসেছে সিনেমাটিতে।
‘দেলুপি’ ইতোমধ্যে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সংশ্লিষ্টদের আশা, অনুরাগ কশ্যপের সম্পৃক্ততায় চলচ্চিত্রটির আন্তর্জাতিক যাত্রা আরও বিস্তৃত হবে এবং বিশ্বের আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে।