ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা
বাংলাদেশি প্রতিনিধি খোঁজার আয়োজন শুরু
ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ২০:৩১
দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্বখ্যাত ‘ইউরোভিশন সং কন্টেস্ট’ বা ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা তাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে এশিয়ায়। এই আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগী দেশ হিসেবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতায় জন্য যোগ্য প্রতিনিধিকে খুঁজে বের করতে দেশের বিনোদন প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ আয়োজন করেছে বিশেষ প্রতিযোগিতা— ‘ভয়েস অব বাংলাদেশ– সং ফর ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’।
বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে আবেদন প্রক্রিয়াসহ প্রতিযোগির বিস্তারিত জানানো হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশের প্রতিযোগিরা দেশের যেকোনো সংগীত ধারার একক শিল্পী, ডুয়েট (দ্বৈত) কিংবা ব্যান্ড এই আয়োজনে অংশ নিতে পারবেন। ‘ভয়েস অব বাংলাদেশ’-এর প্রাথমিক বাছাই শেষে সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে হবে বিশেষ গ্রুমিং পর্ব। তাদের নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবেন বাংলাদেশের একজন প্রতিযোগী চূড়ান্ত হবেন।
নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।
বাংলাদেশে প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান। বিজয়ী নির্বাচনে দর্শকদের ভোটের পাশাপাশি বিচারক প্যানেলে থাকবেন দেশের জনপ্রিয় ও গুণী সংগীত ব্যক্তিত্ব ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং শওকত আলী ইমন।
সংবাদ সম্মেলনে ফাহমিদা নবী বলেন, ‘বাংলাদেশের বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন আমাদের সবার। বঙ্গ ও ইউরোভিশনের যৌথ আয়োজন ‘ভয়েস অব বাংলাদেশ’ সেই স্বপ্নকে এগিয়ে নেওয়ার একটা চমৎকার উদ্যোগ। যারা সত্যিকার অর্থে ভালো গান করে কিন্তু সুযোগের অভাবে পিছিয়ে আছে, তাদের জন্য এটি বড় একটি প্ল্যাটফর্ম। আমরা এই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করব, বাকিটা সময়ই বলে দেবে।’
বাপ্পা মজুমদার বলেন, ‘আমার কাছে পুরো আইডিয়াটাই অত্যন্ত চমৎকার ও নতুন বলে মনে হয়েছে। সাধারণত এমন আয়োজনে নতুন শিল্পীরাই আসেন, কিন্তু এখানে দেশের প্রতিষ্ঠিত ও অভিজ্ঞ সংগীতশিল্পীদের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে। বিশ্বদরবারে অফিশিয়ালি আমাদের বাংলা গান নিয়ে পা রাখার এটাই উপযুক্ত সময়। এমন ঐতিহাসিক উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও ভীষণ আশাবাদী।’
বঙ্গর হেড অফ কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার, ‘৭০ বছর ধরে ইউরোভিশন সংগীতের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিকে এক সুতোয় বেঁধেছে। এশিয়ায় এর পদার্পণ আমাদের দেশের নতুন প্রজন্মের প্রতিভা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার এক অসামান্য সুযোগ এনে দিয়েছে।’
তিনি আরও বলেন, “আমরা দেশের সব প্রান্তের উদীয়মান ও অভিজ্ঞ শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
একক শিল্পী, দ্বৈত কিংবা ব্যান্ড— যেকোনো ক্যাটাগরিতে আবেদন করা যাবে। আগ্রহী পারফর্মারদের নিজেদের একটি হাই কোয়ালিটির অডিও বা ভিডিও পারফর্ম্যান্সের সাথে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। আগ্রহীরা apply.bongobd.com এই অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
- বিষয় :
- সংগীতশিল্পী