ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শাহরুখ-সালমানদের সময় উত্থান, এখন কোথায়, কী করছেন সেই অভিনেতা

শাহরুখ-সালমানদের সময় উত্থান, এখন কোথায়, কী করছেন সেই অভিনেতা
×

আমির খান, শাহরুখ খান, নকুল কাপুর, সালমান খান ও অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৯

একটি গান বদলে দিয়েছিল অভিনেতা নকুল কাপুরের পরিচয়। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘তুম সে অচ্ছা কৌন হ্যায়’ সিনেমার ‘আঁখ হ্যায় ভরী ভরী’ গানটি জনপ্রিয় হওয়ার পর রাতারাতি আলোচনায় আসেন তিনি। চকলেট বয় চেহারা আর আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে তরুণ দর্শকদের মনেও জায়গা করে নেন।

২০০০ সালের দিকে শাহরুখ খান, সালমান খান ও আমির খানের পাশাপাশি নতুন প্রজন্মের বেশ কয়েকজন অভিনেতাও তখন বলিউড সিনেমায় নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছিলেন। তখন নতুন এক তারকা হিসেবে তাকে ধরা হতো। কিন্তু ঘটেছে ভিন্ন। প্রথম সিনেমার সাফল্যের পর সেইভাবে আর দেখা যায়নি তাকে। ধীরে ধীরে অভিনয় থেকে সরে গিয়ে একেবারে ভিন্ন জীবন বেছে নেন নকুল।

দিল্লির ছেলে নকুল কাপুর। ১৯৭৪ সালের ১১ জুলাই সেখানেই তার জন্ম। ছোটবেলা থেকে খেলাধুলা ও অ্যাডভেঞ্চারের প্রতি তার আগ্রহ ছিল। তিনি দক্ষ ডাইভারও ছিলেন। জাতীয় পর্যায়ে একাধিক শিরোপা জয়ের পাশাপাশি বাঞ্জি জাম্পিংসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসেও অংশ নিয়েছেন।

অভিনয়ে আসার আগে বিজ্ঞাপন ও মডেলিংয়ে কাজ করেন নকুল। একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপন তাকে প্রথম বড় পরিসরে পরিচিতি এনে দেয়। এরপর ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেন তিনি। এর মধ্যে ছিল শিবানী কাশ্যপের ‘হো গয়ী হ্যায় মোহব্বত তুমসে’ এবং নুসরাত ফতেহ আলি খানের ‘আজা মেরে ইয়ার’। এসব কাজের সুবাদে নির্মাতাদের নজরেও আসেন তিনি।

এরপর পরিচালক দীপক আনন্দের ‘তুম সে অচ্ছা কৌন হ্যায়’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান নকুল। কিম শর্মা ও আরতি ছাবরিয়ার সঙ্গে সিনেমাটিতে অর্জুন সিং চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটি তরুণ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়। একই সঙ্গে নকুলও পরিচিতি পান বলিউডের নতুন ‘চকলেট বয়’ হিসেবে।

কিন্তু প্রথম সিনেমার পর আর সেভাবে বড় পর্দায় দেখা যায়নি তাকে। ২০০৫ সালে কানাডার টেলিভিশন সিরিজ ‘টার্মিনাল সিটি’-তে অভিনয় করেন নকুল। এরপর বিনোদনজগতের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। একসময় পুরোপুরি আড়ালে চলে যান তিনি।

এরপর ২০১৫ সালে হঠাৎ করেই নকুলকে ঘিরে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। কোথাও বলা হয়, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি। আবার কোথাও দাবি করা হয়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত নিজেই মুখ খোলেন নকুল।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে জানান, তিনি জীবিত, সুস্থ ও ভালো আছেন। তার সেই পোস্টের পর মৃত্যুর গুজবের অবসান হয়। একই সঙ্গে জানা যায়, অভিনয় থেকে দূরে সরে গিয়ে নকুল সম্পূর্ণ ভিন্ন এক জীবন বেছে নিয়েছেন।

বিনোদনজগতের ব্যস্ততা ও চাপ থেকে দূরে সরে যাওয়ার পর যোগব্যায়াম ও আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেন নকুল। পরে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে চলে যান তিনি। সেখানে যোগব্যায়ামের প্রতি তার আগ্রহ ধীরে ধীরে পেশায় পরিণত হয়।

একটি প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে যোগশিক্ষক হিসেবে কাজ করছেন নকুল। ‘ডিভাইন লাইফ যোগ’ নামে একটি যোগকেন্দ্রও পরিচালনা করেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে সেখানে যোগ শেখান নকুল।

একসময় বলিউডের সম্ভাবনাময় অভিনেতা হিসেবে যাকে ঘিরে তৈরি হয়েছিল প্রত্যাশা, সেই নকুল কাপুর এখন রুপালি পর্দা থেকে অনেক দূরে। অভিনয়ের বদলে যোগব্যায়াম ও আধ্যাত্মিকতাকেই জীবনের পথ হিসেবে বেছে নিয়েছেন তিনি। সূত্র: আনন্দবাজার অনলাইন

আরও পড়ুন

×