আসিফের 'গহীনের গান' মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০৫:৫৩
প্রেক্ষাগৃহে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের মিউজিক্যাল ফিল্ম 'গহীনের গান' মুক্তি পাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। ছবিটির মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হলো ‘মিট দ্য প্রেস’।
বাংলাঢোল প্রযোজিত 'গহীনের গান' মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। দেশীয় চলচ্চিত্রের সংকটাপন্ন সময়ে 'গহীনের গান' ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করেন তিনি। এর পরপরই মঞ্চে আসেন ছবিটির নির্মাতা সাদাত হোসাইন। এ সময়ের জনপ্রিয় লেখক সাদাতের প্রথম ছবি এটি। ব্যতিক্রমী এই সিনেমাটি ঘিরে তার স্বপ্নের কথা ফুটে উঠেছে তার বক্তব্যে। তিনি বলেন, 'বাংলাঢোলের আন্তরিক উদ্যোগে ছবিটি তৈরি হয়েছে।' শিল্পী আসিফ আকবরসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
অসামান্য অবদান রাখায় ও সংগীতে দুই দশকপূর্তি উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। তার ৩০টি একক অ্যালবামের প্রচ্ছদ দিয়ে তৈরি 'ভালোবাসা অবিরাম' শীর্ষক ফটোফ্রেম তুলে দেওয়া হয় শিল্পীর হাতে। শিল্পী ও অভিনেতা আসিফ আকবর সবাইকে হলে গিয়ে ‘গহীনের গান’ উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।
'গহীনের গান'-এর এই আয়োজনে ছবিটির শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট। অনুষ্ঠানে দেখানো হয় ছবিটির ট্রেলার ও একাধিক গান। এতে আরও উপস্থিত ছিলেন 'গহীনের গান'-এর অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুন, গীতিকার তরুন মুন্সী, সংগীত পরিচালক পার্থ মজুমদার, পল্লব সান্যাল, রেজাউল করিম লিমন প্রমুখ।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, নকীব খান, তপন চৌধুরী, জানে আলম, ডলি সায়ন্তনী, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, শহীদ মাহমুদ জঙ্গী ও বাংলাঢোল লিমিটেডের ডিরেক্টর রফিকুল আলম রিমনসহ অনেকেই।
- বিষয় :
- গহীনের গান
- আআসিফ আকবর