ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সিনেমার গান শুনেই বড় হয়েছি: দিঠি আনোয়ার

সিনেমার গান শুনেই বড় হয়েছি: দিঠি আনোয়ার
×

দিঠি আনোয়ার

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০১:১৬

দিঠি আনোয়ার। উপস্থাপক ও কণ্ঠশিল্পী। আজ বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন 'আমরা সূর্যমুখী' আয়োজিত সংগীতানুষ্ঠান 'গানের সন্ধ্যা'য় গাইবেন তিনি। গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

আজকের আয়োজনে কোন কোন গান করার কথা ভাবছেন?

সচরাচর যে ধরনের গান করে থাকি, এ অনুষ্ঠানে এর বাইরে কিছু গান করব। বিভিন্ন অনুষ্ঠানে চলচ্চিত্রের গুটিকয়েক গানই শিল্পীরা পরিবেশন করেন। কিন্তু চলচ্চিত্রের আরও অনেক গান রয়েছে, যা সচরাচর গাওয়া হয় না। আমি সে গানগুলো গাইতে চাই। 'মাগো আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না' দেশাত্মবোধক এ গান দিয়ে শুরু হবে আয়োজন। এরপর একে একে 'গীতিময় সেইদিন চিরদিন', 'চিঠি দিও প্রতিদিন', 'সে যে কেন এলো না', 'পান খাইয়া ঠোঁট লাল করিলাম', 'পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে', 'সুরের ভুবনে', 'ও আমার রসিয়া বন্ধু রে' গানগুলো গাওয়ার ইচ্ছা রয়েছে। পাশাপাশি মডার্ন ফোক, আধ্যাত্মিক গানও থাকবে। এর বাইরে উপস্থিত শ্রোতাদের অনুরোধের গানও গাইব।

প্রায় অনুষ্ঠানেই সিনেমার গানকে প্রাধান্য দিয়ে থাকেন। এর কারণ কী?

বাবা [গাজী মাজহারুল আনোয়ার] সিনেমার একজন অন্তপ্রাণ মানুষ। তিনি গীতিকারের পাশাপাশি একজন নির্মাতাও। তাই তার মেয়ে হিসেবে সবসময় চলচ্চিত্রের গানকে প্রাধান্য দিয়ে থাকি। ছোটবেলা থেকেই সিনেমার গান শুনে বড় হয়েছি। যেজন্য এর প্রতি অন্যরকম দুর্বলতা।

গানের বাইরে আর কোনো ব্যস্ততা আছে?

গানের বাইরে খুব একটা ব্যস্ততা নেই। বিভিন্ন টেলিভিশন আয়োজনের পাশাপাশি কনসার্টের ব্যস্ততা রয়েছে। তবে সেটা ঢাকাকেন্দ্রিক। মাছরাঙায় 'ইচ্ছে গানের দুপুর', চ্যানেল আইয়ে 'পালকী' ও আরটিভির 'এই রাত তোমার আমার' নিয়মিত উপস্থাপনা করছি। তিনটি অনুষ্ঠানেই বেশ সাড়া পাচ্ছি। তবে 'পালকী' আমার কাছে স্পেশাল। কারণ এখানে বাবার উপস্থিতিতে তার লেখা গানের পেছনের কথা সবার সামনে তুলে ধরছি।

শুনলাম প্লেব্যাক করেছেন?

ঠিকই শুনেছেন। নারগিস আক্তারের পরিচালনায় 'যৈবতী কন্যার মন' ছবির দুটি গান করেছি। ছবির কাহিনির সঙ্গে মিলিয়ে গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছেন সুজেয় শ্যাম। এ ছাড়া 'জিন' ছবিতে একটি দ্বৈত গান করেছি।

নতুন গানের কী খবর?

চারটি নতুন গান রেকর্ড করেছি; এর মধ্যে একটি একক ও তিনটি ডুয়েট। ডুয়েট গানের সহশিল্পীরা হলেন অপু, ইউসুফ আহমেদ খান ও সোহেল মেহেদী। 'দেবদাস' শিরোনামে একক গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু।

আরও পড়ুন

×