মাছ নিয়ে মৌসুমীর নানা রকম আয়োজন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০১:০৬ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ | ০১:০৮
ক্যারিয়ারের শুরু থেকে অভিনয়ে বেশ মনোযোগী অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে এবার অভিনয়ের বাইরে নতুনভাবে দেখা যাবে তাকে। প্রথমবারের মতো একটি ট্রাভেল শো নিয়ে আসছেন তিনি। নাম 'ফিশ লাভার'। এটি পরিচালনা করছেন ছোটপর্দার নির্মাতা সাখাওয়াত মানিক।
বেশ ক'দিন ধরে নির্মাতার ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে হাঁটুপানিতে দাঁড়িয়ে আছেন মৌসুমী হামিদ। এমন কয়েকটি স্থিরচিত্রে অভিনেতা জনিও রয়েছেন। হঠাৎ বড়শি হাতে কী করছেন অভিনয়শিল্পীরা? খোঁজ নিয়ে জানা যায়, এসব আয়োজন ট্রাভেল শোর জন্য। ডিসেম্বর মাসজুড়ে এর প্রথম লটের শুটিং হয়েছে। এটি নির্মিত হচ্ছে একটি ইউটিউব চ্যানেলের জন্য।

মৌসুমী হামিদ বলেন, 'আমি সবসময়ই নতুন কিছু করতে পছন্দ করি। তেমনই একটি আয়োজন 'ফিশ লাভার'। নতুন কনসেপ্টের এ অনুষ্ঠানটির শুটিংয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন জেলায় ঘুরেছি। এতে প্রান্তিক মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। বিভিন্ন জেলার নানা রকম মাছ নিয়ে এ আয়োজন। মাছের বর্ণনা চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে সেসব মাছ কীভাবে রান্না করা হয় সেটিও দেখানো হবে। বলতে পারেন, মাছ নিয়ে এটি তথ্যসমৃদ্ধ একটি অনুষ্ঠান। আশা করছি দর্শক এটি দারুণ উপভোগ করবেন।'
এদিকে নতুন বছরে শুটিং শুরু করেছেন এ অভিনেত্রী। বছরের দ্বিতীয় দিন থেকে শুরু করেছেন 'বৃষ্টি ধারা' শিরোনামের একটি খন্ড নাটক। এটি নির্মাণ করছেন আসাদুজ্জামান আসাদ। এতে তার সহশিল্পী আছেন অপূর্ব ও মম। খন্ড নাটকের বাইরে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।
- বিষয় :
- মৌসুমী হামিদ
- ফিশ লাভার
- বিনোদন
