ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বড় পূজার গল্প

বড় পূজার গল্প
×

পূজা চেরি

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০২:২৮

পূজা চেরী এখন আর সেই ছোট্টটি নেই। বড় হয়েছেন বেশ। চলচ্চিত্রের শিশুশিল্পী থেকে পুরোদস্তুর হয়ে উঠেছেন চিত্রনায়িকা। নায়িকা হিসেবে অভিষেক হওয়ার পর থেকেই একের পর এক আলোচনায় তিনি। সেই ছোট পূজার অভিনয়ের সঙ্গে যারা পরিচিত ছিলেন, নায়িকা পূজার অভিনয়েও তারা হচ্ছেন মুগ্ধ। একজন নায়িকা হওয়ার সব গুণই পাওয়া যাবে তার মধ্যে। দোহারা গড়ন, ডাগর ডাগর চোখ, লম্বা হাত-পা; সবই যেন বলে দেয়, ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দীর্ঘদিন পর পারফেক্ট নায়িকাই পেয়েছে। সেই ছোট পূজা থেকে আজকের নায়িকা পূজা। কার গাইডলাইনে এ পর্যন্ত আসা? জানতে চাইলে মুচকি হেসে জানান, 'মায়ের পরামর্শেই চলি আমি। গাইডলাইনে বাবাও সবসময় থেকেছেন পাশে।'

২০১৮ সালের চলচ্চিত্রের অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক আলোচিত নায়িকা পূজা। সে বছরটা নিজের মুঠোয় রাখলেও ২০১৯-এ এসে বিরতি। মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে তার। তবে শুটিংয়ে কিন্তু ঠিকই ব্যস্ত ছিলেন। সে বছর 'শান' ও 'জিন' নামের দুটি ছবির শুটিং করেছেন; যা আলোর মুখ দেখবে ২০২০-এ। দুটি ছবির গল্পই আলাদা। 'শান' অ্যাকশন থ্রিলার, 'জিন' ভৌতিক। দুটি ছবি নিয়েই তাই প্রত্যাশার গল্প শোনালেন পূজা। বললেন, 'গত বছর শুটিং শুরু হওয়া দুটি ছবিই এ বছর মুক্তি পাচ্ছে। দুটি ছবিতেই ভিন্ন এক পূজাকে আবিস্কার করবেন দর্শক। ছবি দুটির চরিত্র নিয়ে আমিও সন্তুষ্ট।'

এদিকে অনন্য মামুন পরিচালিত 'সাইকো' ছবির শুটিং শুরু হচ্ছে ১০ জানুয়ারি। এ ছবিতে রোশানের বিপরীতে আছেন পূজা চেরী। সব ঠিক থাকলে এ বছরই সাইকো মুক্তি পাবে বলে পরিচালকের মন্তব্য। তার মানে 'শান' ও 'জিন' ছবির পর চলতি বছর সাইকো নিয়েও প্রেক্ষাগৃহে থাকছেন পূজা। নায়িকা হিসেবে যদিও খুব বেশি দিনের ক্যারিয়ার নয় পূজার। তবুও পেয়েছেন সাফল্য। দর্শকদের কাছে পৌঁছে গেছেন। রাস্তায় দেখলে অনেকেই বলে উঠেন, ওই যে নায়িকা পূজা চেরী। এই যে সাফল্য ধরা দিচ্ছে- পূজার কেমন লাগছে এতে? প্রশ্ন রাখা হয় তার কাছে। ছোট পূজার বড়দের মতো উত্তর।

'সাফল্য পেলাম কই! আমি তো আমার কাজটি করে যাচ্ছি। এখন সাফল্য আর ব্যর্থতার দিকে তাকাচ্ছি না। তাকাতে চাইও না। আমি কেবল অভিনয় করব। ভালো ভালো কাজ করব। তবে দর্শকদের ভালোবাসা পাচ্ছি। এটাই আমার কাছে বড় সম্পদ ও সাফল্য মনে হচ্ছে এখন। এই নায়িকা পূজার বয়স আর কত! সবে কলেজে পড়ছেন।

ঢালিউডের সর্বকনিষ্ঠ নায়িকা তিনি। অথচ কথায় পরিণত বেশ। তাই পড়াশোনা আর অভিনয় দুটোই একসঙ্গে চালাতে হচ্ছে। এতে করে হিমশিম খেতে হচ্ছে না? উত্তরে পূজা বলেন, 'দুটোর প্রতি সমান ভালোবাসা থাকলে হিমশিম খাওয়া হয় না।' তবে পড়াশোনার চেয়ে অভিনয়ের প্রতি ভালোবাসা বেশি পূজার- জানালেন সে কথাও। সেই সঙ্গে জানালেন, পূজা কখনোই নায়িকা হয়ে বেঁচে থাকতে চান না। চান একজন সত্যিকার অভিনেত্রী হয়ে দর্শকদের মাঝে বেঁচে থাকতে।

পূজা বলেন, 'সেই ছোটবেলা থেকেই তো শিখছি। আরও শিখতে চাই। প্রতিনিয়ত শেখার মধ্য দিয়েই যাব। দর্শকদের ভালোবাসা আর সমর্থন পেলে আমিও একজন তাদের প্রিয় অভিনেত্রী হয়ে উঠতে পারব বলে আমার বিশ্বাস।'


আরও পড়ুন

×