ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

২৭ বছর আগের অর্থ আত্মসাতের মামলা, তিন বিটিটিবি কর্মকর্তার সাজা ৪৪ বছর করে

২৭ বছর আগের অর্থ আত্মসাতের মামলা, তিন বিটিটিবি কর্মকর্তার সাজা ৪৪ বছর করে
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৭:২৯

প্রায় তিন দশক ধরে ঝুলে থাকা বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের (বিটিটিবি) অর্থ আত্মসাতের মামলার নিষ্পত্তি হয়েছে। ২৭ বছর আগে চট্টগ্রাম কার্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তিন সাবেক কর্মকর্তাকে বিভিন্ন ধারায় ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর রায় হলেও তিন আসামিই ছিলেন পলাতক। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- বিটিটিবির সাবেক উচ্চমান সহকারী কাম-ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন, সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল আলম এবং সাবেক বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান খান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য, নথিপত্র ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগকে সন্দেহাতীতভাবে প্রমাণিত বলে মনে করেন।

আদালতের রায় অনুযায়ী, দণ্ডবিধির ৪০৯ ধারায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪২০ ধারায় ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা এবং ৪৬৭ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৪৬৮ ও ৪৭১ ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা, ৪৭৭(এ) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, সাজাগুলো একসঙ্গে কার্যকর হবে। ফলে তাদের পৃথকভাবে ৪৪ বছর কারাভোগ করতে হবে না।

মামলার নথি অনুযায়ী, বিটিটিবির চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে অর্থ আত্মসাৎ, জালিয়াতি ও হিসাব জাল করার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

আরও পড়ুন

×